TMC News : পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
West Bengal Politics : ওপরতলার নেতাদের জন্য লকগেট খুলে দিয়েছে বিজেপি।

অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের দেখানো পথেই কি হাঁটতে চলেছেন, সদ্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করা কোয়েল মল্লিক ? এবার কি কোয়েল মল্লিককে রাজ্যসভার টিকিট দেবে বিজেপি ? এ নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে সুকান্ত মজুমদারের মন্তব্যে। এরইমধ্যে সূত্রের খবর, ইস্তফা দিতে পারেন রাজ্যসভার তৃণমূলের আরও দুই সাংসদ।
ওপরতলার নেতাদের জন্য় লকগেট খুলে দিয়েছে বিজেপি। তিন জন প্রাক্তন তৃণমূল সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। তার ঠিক পরই, বৃহস্পতিবার রাজ্য়সভার তৃণমূল সাংসদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিকও। তিনিও কি এবার সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকের পথেই হাঁটবেন ? তাঁর কি বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া কার্যত পাকা ? বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন, "কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন উনি যে তৃণমূলে উনি থাকবেন না। আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছাবেন। যেরকম বাকি ৩ জন সাংসদের সঙ্গে হয়েছে, বিজেপির শক্তি রাজ্যসভাতে আরও বাড়ছে।"
জল্পনা আরও জোরাল হয়েছে পদত্য়াগের ঠিক পরই কোয়েল মল্লিকের সঙ্গে নরেন্দ্র মোদির অত্য়ন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাক্ষাৎ ঘিরে। এর আগে, ৮ জুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে থাকাকালীন, নরেন্দ্র মোদি, অমিত শাহদের অত্যন্ত ঘনিষ্ঠ, কেন্দ্রীয় মন্ত্রী এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েই বৈঠক করেছিলেন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। সেই বৈঠকেই তাঁরা NDA-কে সমর্থনের সিদ্ধান্ত নেন। এবার তৃণমূল সাংসদ হিসেবে পদত্য়াগের পর সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিকও।
এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বললেন, "বিগত দিনে দেখেছি যাঁরা আমাদের নেতাদের সঙ্গে দেখা করেছেন, তাঁরা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন । কারণ তাঁদের এখনও অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় ৫ বছর বাকি। ১ বছরও হয়নি মনে হয় এখনও। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনও রাজনৈতিক দলের হয়ে, এসে সেখান থেকে থাকার।"
এনিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, "তৃণমূল থেকে যাচ্ছেন, ইস্তফা দিচ্ছেন। ছবি দেখা যাচ্ছে বিজেপি নেতার সঙ্গে। এটা খুব রহস্যজনক ব্যাপার। কোয়েল যদি ছেড়ে থাকেন, তাহলে লকেট এতদিন ধরে বিজেপি করছেন...তিনি অভিনেত্রী আবার নেত্রীও...তাহলে তো লকেটকে দেওয়া উচিত। বার বার তো তৃণমূল থেকেই যাবেন, আর নমিনেশন তাঁরা পাবেন...।"
রাজ্য়সভায় তৃণমূলের সাংসদ সংখ্য়া ইতিমধ্য়ে ১৩ থেকে ৯-এ নেমে এসেছে। সূত্রের দাবি, রাজ্য়সভায় তৃণমূল আরও দুর্বল হয়ে পড়তে পারে। কারণ, কোয়েল মল্লিকের পর, পদ ছাড়তে পারেন তৃণমূলের আরও দুই রাজ্যসভার সাংসদ। রাজনীতির বাইরে অন্য ক্ষেত্রে থেকে এই ২ জনকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। এবার তাঁরাও পদ ছাড়তে পারেন বলে সূত্রের দাবি।
শেষ অবধি তৃণমূলের পরিণতি কী হবে? ক'জনই বা থাকবেন ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?






















