Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Bankura Waterlogged: কেঞ্জাকুড়া থেকে কমলপুর হয়ে পুরুলিয়া যাওয়ার ক্ষেত্রে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এই সেতুর কারণে ১৫ কিলোমিটারের রাস্তা হয়ে যায় মাত্র ২ কিলোমিটার।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গত দু’দিন ধরে একটানা বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যাওয়ায় জলের তলায় চলে গিয়েছে দারকেশ্বর নদীর উপর থাকা কেঞ্জাকুড়া সেতু। ফলে চরম সমস্যায় পড়েছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা।
কেঞ্জাকুড়া থেকে কমলপুর হয়ে পুরুলিয়া যাওয়ার ক্ষেত্রে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। নদীর অপর প্রান্তের বাসিন্দারাও সেতু দিয়ে সহজেই কেঞ্জাকুড়া গ্রামে পৌঁছে যেতে পারেন। সেতুটি দিয়ে যাতায়াত করলে মাত্র প্রায় দু’কিলোমিটারের মধ্যে গন্তব্যে পৌঁছনো সম্ভব হয়।
কিন্তু টানা বৃষ্টির জেরে সেতুটি জলের তলায় চলে যাওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা বর্তমানে ব্যাহত হয়েছে। ফলে নদীর দুই পাড়ের মানুষের দৈনন্দিন যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
স্থানীয় বাসিন্দাদের কথায়, সেতু দিয়ে যাতায়াত বন্ধ থাকায় তাঁদের দীর্ঘপথ ঘুরে যেতে হচ্ছে। যে পথ সেতু ব্যবহার করে মাত্র দু’কিলোমিটারে পেরনো যায়, সেতু দিয়ে যাতায়াত সম্ভব না হলে সেই একই গন্তব্যে পৌঁছতে প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথে যেতে হয়। এর ফলে শুধু সময়ই নয়, অতিরিক্ত যাতায়াতের সমস্যাতেও পড়েছেন এলাকার মানুষজন। যোগাযোগের এই গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা।
এর আগেও বাঁকুড়ায় জলের নীচে চলে গিয়েছিল ব্রিজ। গত ১৮ অগস্ট গন্ধেশ্বরী নদীতে জল বাড়ার কারণে তা উঠে যায় মানকানালী সেতুর উপরও। এই সেতুর উপর দিয়েই গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালী হয়ে রানিগঞ্জ যাওয়ার রাস্তা। আর এই জলের কারণেই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় উল্টে যায় একটি ডাম্পার।
জানা গিয়েছে বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে গন্ধেশ্বরী নদী। আর সেতু ছাপিয়ে জল উঠে যাওয়ার আপাতত বন্ধ রয়েছে মানকানালী সেতু দিয়ে যাতায়াত। এর ফলে সমস্যার পড়েছে স্থানীয় মানুষ ও ওই সেতুর উপর দিয়ে চলাচল করে যে সব বাস ও ট্রাক, তারা। স্থানীয় সূত্রে খবর, এই মানকানালী সেতুর উপর দিয়ে ৭ টি যাত্রীবাহী বাস চলাচল করে। এ ছাড়াও চলাচল করে ডাম্পার ও ট্রাক।
Before You Go
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?






















