BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
Jamuria BJP Leader: ভাইরাল বিজেপি নেতার তোলাবাজির ভিডিও। আর তারপরই ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জামুড়িয়া, পশ্চিম বর্ধমান: বালি বোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত বিজেপি নেতার নাম রাকেশ মাজি। রাকেশ মাজির এই তোলাবাজির ভিডিও ভাইরাল হয়। আর তারপরই ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
ভাইরাল ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, "যখন চলছিল তখন ৫০০ টাকা নিতুম দাদা। ওই সব কথা বলে লাভ নাই। বেপার হচ্ছে যখন ওভারলোড হচ্ছিল তখন ৫০০ টাকা নিতুম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না। ২০০ টাকা করে নিই, গাড়িগুলো ছেড়ে দিই। কেন, পরিষ্কার কথা আমার কিছু নাই। তুমি কেন দিতি যাবে, সেটা আলাদা কথা হইল। থানাতে বলা আছে। থানাতে ফোন করো তুমি, বলো দাঁড় করাতে। গাজোয়ারী এখন করি না। একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গিয়েছে। গাজোয়ারী করলে একদম পারব না তোমাদের সঙ্গে।"
বালি বোঝাই গাড়ি আটকে তিনি শুধুমাত্র টাকা তুলছেন এমন নয়। তিনি বলছেন থানাকেও বলা আছে। তবে, বিজেপির শীর্ষ নেতৃত্ব যত যাই বলুক, এখনও কিন্তু তোলাবাজির রোগ এখনও সারেনি। তৃণমূল আমল থেকে সেই যে জিনিস চলে আসছে, তার রেশ রয়ে গিয়েছে এখনও। আর সেই প্রমাণ মিলল এই ভাইরাল ভিডিওতেই।
আরও পড়ুন: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
এই ভাইরাল ভিডিওতে দেখা গেল বিজেপি নেতা রাকেশ মাজিকে। জন গিয়েছে, তিনি মদনতোড় পঞ্চায়েত এলাকার বিজেপির শক্তি প্রমুখ। তাঁকে দেখা গেল ফোন করে কোনও এক বালি বোঝাই গাড়ির মালিককে বলছেন, যখন ওভার লোডিং চলত, তখন তাঁরা ৫০০ টাকা করে নিতেন। অর্থাৎ, এই সরকারের আগের আমল থেকেই এই ব্যবস্থা চলছিল।
এই তোলাবাজির ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই গ্রেফতার করা হয় এই বিজেপি নেতাকে। ঘটনা সামনে আসার পর সিপিকে বিষয়টি দেখতে বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। সিপি তাঁকে জানান ততক্ষণে গ্রেফতার করা হয়ে গিয়েছে ওই বিজেপি নেতাকে। তারপর তাঁকে আদালতে তোলা হয়।























