Sayak Chakraborty Controversy : বিজেপির থেকে কনটেন্টের জন্য টাকা নিয়েছেন ? নেটপ্রভাবীদের সঙ্গে যোগাযোগ করা হলে...
Sayak Chakraborty Controversy : নির্বাচন কমিশনকে দেওয়া বিজেপির তথ্য়ে নাম রয়েছে সায়ক চক্রবর্তীর । সোশাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসাবে তিনি বেশ পরিচিত।

কলকাতা : সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ ! নির্বাচনের আগে কার্যত লাখ লাখ টাকা খরচ করেছে বিজেপি। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে বিজেপির জমা দেওয়া তথ্য়েই উঠে এসেছে এই তথ্য।ননির্বাচন কমিশনকে দেওয়া বিজেপির তথ্য় অনুযায়ী, ২৮৭ কোটি টাকা বিজেপি খরচ করেছে শুধু পশ্চিমবঙ্গে ! টাকা খরচের লড়াইতে তুলনায় বহু পিছিয়ে ছিল কংগ্রেস। পশ্চিমবঙ্গের জন্য ৪২ কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ করেছিলন রাহুল গান্ধীরা। ৮ কোটি টাকার কাছাকাছি খরচ করে সিপিএম। এর মধ্যে সবথেকে চমকপ্রদ তথ্যটি হল, বিজেপির এই খরচের মধ্যে বিরাট একটা অংশ গিয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের পকেটে। তার মধ্যে তালিকায় নজর কেড়েছে কয়েকটি নাম। যেমন সায়ক চক্রবর্তী, শমীক অধিকারীদের নাম। নেটদুনিয়ায় এঁরা যথেষ্টই প্রভাবশালী। মমতা-অনুগামী তৃণমূলের অভিযোগ, বিপুল টাকা খরচ করে বিজেপি একটা ম্যানুফ্যাকচারড ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। কুণাল ঘোষ বলেছেন, 'ওরা পয়সা দিয়ে কিছু ইউটিউবার বা সোশাল মিডিয়াকে প্রভাবিত করবে, তার পিছনে থাকবে টাকার খেলা, সেখানে এমন কিছু কনটেন্ট তৈরি হবে।' কিন্তু যাঁদের নিয়ে এত বিতর্ক তাঁরা কী বলছেন ?
নির্বাচন কমিশনকে দেওয়া বিজেপির তথ্য়ে নাম রয়েছে সায়ক চক্রবর্তীর । সোশাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসাবে তিনি বেশ পরিচিত। বিধানসভা ভোটের ২ মাস আগে, তাঁর অলিপাবকাণ্ড ঘিরে শোরগোল পড়ে যায়! তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি তো কনটেন্ট বানানই । অন্যরাও এই নিয়ে প্রতিক্রিয়া ভিডিও বানাতে শুরু করেন। সেই সায়কের অ্যাকাউন্টেও নাকি বিজেপির তরফে ঢুকেছে আড়াই লাখ টাকা। তাঁকে এই নিয়ে ক্ষুরধার নিশানা করেছেন মমতা-অনুগামী তৃণমূলের কুণাল ঘোষ।
নির্বাচন কমিশনে দেওয়া বিজেপির তথ্য় নিয়ে শমীক অধিকারী,সায়ক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুদ্ধশীল ঘোষকে মেসেজ করা হলে তিনি জানান, তিনি শহরে নেই।
অন্যদিকে, অধুনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুগামী তৃণমূলের সদস্য, ঋজু দত্ত বলছেন, 'এই বিষয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ... তারাও ধোওয়া তুলসীপাতা নন। ' তবে, বিধানসভা ভোটে তৃণমূল কত অর্থ ব্যয় করেছিল সেই সংক্রান্ত তথ্য কমিশনের কাছে এখনও জমা পড়েনি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ' অনেক অনেক কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি পার্টি। ক্ষমতায় আসার পর সব থেকে বেশি ইলেক্টোরাল বন্ডে টাকা তুলেছে। '
Before You Go
Medical College | "তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী






















