Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
কীভাবে দেবেন পুজো, কখন পুষ্পাঞ্জলি, কীভাবে করবেন নিবেদন , বিস্তারিত জানাল বড় মা মন্দির কর্তৃপক্ষ।

শত শত ভরি সোনা ও রুপোর অলঙ্কারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণ কালী প্রতিমা। মায়ের কাছে অবনত লক্ষ লক্ষ ভক্তের মস্তক। মা তাঁর সন্তানদের খালি হাতে ফেরান না। দৃঢ় বিশ্বাস ভক্তদের। বিশ্বাস, লোককথা, কিংবদন্তী সব একাকার হয়ে গিয়েছে নৈহাটির এই বড়কালীকে ঘিরে। সারা বছর তো বটেই, মনের বাসনা পূরণের আশায় কালীপুজোর দিন হাজারো মানুষের ভিড় জমে নৈহাটিতে বড় কালী -র কাছে । কীভাবে দেবেন পুজো, কখন পুষ্পাঞ্জলি, কীভাবে করবেন নিবেদন , বিস্তারিত জানাল বড় মা মন্দির কর্তৃপক্ষ।
আগামী ৮ নভেম্বর, রবিবার শুরু হচ্ছে ২০২৬ সালের নৈহাটির বড়কালীর পুজো। ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ৮ নভেম্বর অমাবস্যা তিথিতে হবে পুজো। ওই দিন দুপুর ১০টা ৪৮ মিনিটে অমাবস্যা শুরু হবে। বড়কালী পুজো শুরু হবে রাত ১২টা থেকে। রাত ১টা ৩০ মিনিটে হবে পুষ্পাঞ্জলি। অঞ্জলি দিতে আসা ভক্তদের সঙ্গে অবশ্যই ফুল ও বেলপাতা নিয়ে আসতে হবে। অঞ্জলি শেষে শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ।
ভোগ প্রসাদ বিতরণের জন্য নির্দিষ্ট কয়েকটি জায়গার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্যাম রোডের ১ নম্বর সুষমা অ্যাপার্টমেন্ট, জগবন্ধু মোড় সংলগ্ন পুকুরপাড় এবং নৈহাটি পুরসভা। ৮ নভেম্বর রাত ২টো ৩০ মিনিট থেকে ৯ নভেম্বর সোমবার সকাল ১১টা পর্যন্ত ভোগ বিতরণ চলবে। এ ছাড়াও নৈহাটি রেলওয়ে অডিটোরিয়াম হলে ভোগ বিতরণের ব্যবস্থা থাকবে। ৮ নভেম্বর ভোর ৪টে ৪৫ মিনিট থেকে ৯ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সেখানে ভোগ পাওয়া যাবে। যাঁরা সন্দেশ কুপনের প্রসাদ সংগ্রহ করতে চান, তাঁদের জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় নিকেতন (বয়েজ স্কুল), নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং নৈহাটি পুরসভায় এই প্রসাদ বিতরণ করা হবে।
সোমবার অমাবস্যা শেষ হবে দুপুর ১১টা ২৭ মিনিটে। ওই দিন দুপুর ২টো ৩০ মিনিটে হবে নিত্যপুজো এবং পুজো শেষে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় থাকছে আরতি ও শীতল ভোগ, প্রসাদ বিতরণ হবে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হবে বড়কালী, নিরঞ্জন পুজো ও দশকর্মা। দুপুর ২টো ৩০ মিনিটে রয়েছে মায়ের বরণ। এরপর বিকেল ৪টে ৪৫ মিনিটে গঙ্গাবক্ষে বড়কালী নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
যাঁরা অনলাইনে পুজো দিতে চান, তাঁদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। পুজো দেওয়ার জন্য নিজের নাম ও গোত্র লিখে ৭ নভেম্বর, শনিবার রাত ১০টার মধ্যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। নম্বরটি হল ৮২৪০৮২০০০৩। এ ছাড়াও 'Joy Boro Maa Apps'-এর মাধ্যমেও পুজো পাঠানোর ব্যবস্থা রয়েছে।
বার্ষিক পুজো উপলক্ষে আগামী ৬ নভেম্বর, শুক্রবার থেকে ১৪ নভেম্বর, শনিবার পর্যন্ত বড়মার মন্দির সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
Before You Go
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের























