CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
যার অনুমতি থাকবে না তার স্টলও থাকবে না। ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি । জানাল আদালত।

কলকাতা : বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর । সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানির সময় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে সিপিএম-কে প্রশ্ন করেন, সিপিএম স্টল করার জন্য কোনও অনুমতি নিয়েছে কি? CPM এর আইনজীবী জানান, রাজ্যের অনুমতি নেওয়া হয়নি। তবে তাঁরা SDO কে জানিয়েছিলেন। প্রতিবছর ওখানে কমপক্ষে একশো স্টল বসে,কখনও কোনও অনুমতি নেওয়া হয়নি। উত্তরে প্রধান বিচারপতি বলেন, চল্লিশ বছর ধরে কোনও আইন কার্যকর করা হয়নি বলে এবছরও আইন প্রয়োগ করা যাবে না, সেটা হয় না।
সেই সঙ্গে হাইকোর্ট স্পষ্ট করে দেয়, যদি এই নিয়ম চালু হয়ে থাকে সেটা সবার জন্য প্রযোজ্য হবে। যার অনুমতি থাকবে না তার স্টলও থাকবে না। শুধু সিপিএম নয়, হিন্দু জাগরণ মঞ্চের বুকস্টল বসানোর অনুমতি ছিল কি না, তাও পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, তাদেরও স্টল যদি অনুমতি না নিয়ে হয়ে থাকে, তাহলে তা সরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে পুলিশকে। নির্দেশ হাইকোর্টের। ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ।
সম্প্রতি বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় ২টি বুকস্টল করতে চেয়ে আবেদন জানায় সিপিএম। কিন্তু অভিযোগ, তাতে পুলিশ অনুমতি দেয়নি। যা ঘিরে শুরু হয় আইনি-সংঘাত। বৃহস্পতিবার বনগাঁয় সিপিএমের বুক স্টল তৈরিতে, অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য । কাউকে অনুমতি দিলাম আর কাউকে দিলাম না, এটা করলে ভুল বার্তা যাবে, আইন সবার জন্য সমান.,মন্তব্য় করেন, বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর তাঁর এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে, ফের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য় সরকার। শুক্রবারই ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলে দেন, অনুমতি নেওয়া না থাকলে স্টল তুলে দিতে হবে।
এদিকে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ ওঠে। কলকাতার এন্টালিতেও সিপিএমের বুক স্টল করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির অভিযোগ, দোকান ঘিরে স্টল তৈরি করছিল সিপিএম। স্থানীয়রাই তাদের বাধা দেয়। এই কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতিই 'বাম বধে'র হুঁশিয়ারি দিয়ে ফ্লেক্স টাঙিয়েছিল। পুজোয় বামেদের স্টল বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফ্লেক্স লাগানো হয়।
Before You Go
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?






















