CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari On Tulu Mondal Scam: প্রকাশ্যে টুলু মণ্ডলের দুর্নীতির রুটম্যাপ, এই ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বীরভূম: খাদান থেকে পাথর তোলার পর ক্রাশার। ক্রাশার থেকে ভাঙা পাথর নিয়ে DCR গেট হয়ে মোটর ভেহিকেল চেকপোস্ট। পুলিশ সূত্রে খবর, এটাই ছিল মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের দুর্নীতির রুটম্যাপ। শুক্রবার সেই রুটের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখে এবিপি আনন্দর ক্যামেরা।এদিন সাংবাদিক বৈঠকে এসে এই ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন। তিনি বলেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া এঘটনা সম্ভব নয়।'
আরও পড়ুন, প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
খাদান থেকে পাথরের চাঁই তোলার পর লরিতে করে তা নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে চলে যায় বাজারে। একসময় তিনি ছিলেন, পাথর খাদানের সাধারণ শ্রমিক। সেই খাদানেই 'পরশ পাথর' খুঁজে পেয়েছিলেন টুলু মণ্ডল। অভিযোগ, তারপর সেই পরশ পাথরের ছোঁয়ায় টাকার 'মিনারে' পৌঁছেছেন টুলু।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,'মহম্মদবাজার থেকে টুলু মণ্ডলের টাকাই উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত টুলু মণ্ডলের ৯৩ কোটি টাকার খোঁজ মিলেছে। টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। সোনা ও প্ল্যাটিনামের গয়নার খোঁজ মিলেছে। তিনটি টাকা গোনার মেশিন মিলেছে। টুলু মণ্ডলের পার্কিং লটে ৮৩ টি গাড়ির খোঁজ মিলেছে। ৩০০ বিঘার উপর মোট ২১ টি সম্পত্তির খোঁজ মিলেছে। এই সম্পত্তির সবকটিই ফ্রিজ করা হবে। তৃণমূল জমানায় বালি নিয়ে সাড়ে ১৩ কোটির কেলেঙ্কারি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া এঘটনা সম্ভব নয়।'
পুলিশ সূত্রে খবর, সেখানে মিলেছে প্রায় আড়াইশো গ্রাম সোনা, ৯০০ গ্রাম রুপো এবং প্রায় ১০ লক্ষ নগদ টাকা। তল্লাশির সময় বাড়িতে ছিলেন ৭-৮জন পরিচারক-পরিচারিকা। তল্লাশি শেষে, তাঁদেরকে বের করে দিয়ে বাডি সিল করে দেয় পুলিশ। যদিও পুলিশি তল্লাশি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি পরিচারক-পরিচারিকারা।স্থানীয় সূত্রে খবর, মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে বাইরে পড়াশোনা করেন। বাড়িতে থাকতেন টুলু ও তাঁর স্ত্রী।ভোটের ফল প্রকাশের পর থেকেই দম্পতি বেপাত্তা।
পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।এরই মধ্যে বোলপুরের ভুবনডাঙা থেকে কৌসর মোল্লার নামে টুলু মণ্ডলের এক ম্যানেজারকে পাকড়াও করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বোলপুরের ভুনবনডাঙায় ওই ম্যানেজারের বাড়িতে যৌথ অভিযান চালায় বীরভূম পুলিশের স্পেশাল টিম ও বোলপুর থানা।
Before You Go
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১





















