'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিগত দিনে যাঁরা সংবিধান মানেননি, তাঁরা এখন সংবিধানের কথা বলছেন। বিধানসভায় ঢোকার আগে সংবিধান দিবস নিয়ে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিশানা করে বলেন, রাজ্যে বিগত সরকার গণতন্ত্র মানেনি। বিগত দিনে যাঁরা সংবিধান মানেননি, আজ তারা সংবিধানের কথা বলছেন। মুখ্যমন্ত্রী গত বিধানসভা নির্বাচনের কথা টেনে জাতীয় নির্বাচন কমিশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। বলেন,গত ৫০ বছর পর রাজ্যে এমন একটা নির্বাচন হয়েছে, যেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। যাঁরা সর্বভারতীয় ক্ষেত্রে সংবিধানকে সামনে রেখে লড়াই করার চেষ্টা করছেন , তাঁদের সব জায়গায় পরাজয় হয়েছে। বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা ২ রকমের নীতি নিয়ে চলছেন। যেখানে বিজেপি জয় পায়, সেখানে তাঁরা কারচুপির অভিযোগ তোলে, আর কোনও রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সামান্য এগিয়ে থাকলেও দাবি করেন, গ্রাম থেকে শুরু হল তাঁদের জয়যাত্রা। মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা জরুরি অবস্থার কালো দিন ভারতবর্ষে এনেছিলেন, তাঁদের বা তাঁদের সহযোগীদের কোনও অধিকার নেই সংবিধান নিয়ে কথা বলার। সংবিধান দিবস প্রসঙ্গে এভাবেই ফের কংগ্রেসকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা সমালোচনা করে মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, ' উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। নিশ্চিতভাবেই বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই শুভেন্দু অধিকারী-সহ আজ যাঁরা বিজেপিতে রয়েছেন, তাঁদের অনেকেই প্রথমে তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে তাঁরা বিজেপির জনপ্রতিনিধি হয়েছেন। অর্থাৎ, নির্বাচনে অংশগ্রহণ এবং জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া তখনও চালু ছিল।'
প্রধানমন্ত্রীও সংবিধান দিবস'-এর বার্তায় কংগ্রেসকেই নিশানা করেন। ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, জরুরি অবস্থায় বিচারবিভাগের পর্যালোচনার ক্ষমতা সীমিত করা হয়েছিল। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতার ভারসাম্যও নষ্ট হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
Before You Go
Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা






















