KMC Poll : নভেম্বরে পুরভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা বিজেপির, কে কে প্রার্থী? বড় চমক?
তাহলে কি পুরভোটে বিজেপি প্রার্থী হতে পারেন তাঁরা ? ২০ জনের বেশি তৃণমূল কাউন্সিলর যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, সূত্রের খবর ।

দুর্গাপুজো শেষ। হিসাবমতো এবার বাজবে পুরভোটের দামামা। নভেম্বরের শেষেই কলকাতা, হাওড়া-সহ সাতটা পুরসভার ভোট হতে পারে। বিধানসভা ভোটে পালাবদলের পর প্রথমবার কোনও ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে।২৭ থেকে ২৯ শে নভেম্বরের মধ্যে এই পুরভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুর নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে আজ রাতেই শহরে আসছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল। বৈঠকে চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা। কারা প্রার্থী হবেন বিজেপির ? সেই নিয়েই তুঙ্গে জল্পনা। তবে সূত্রের খবর বলছে, তৃণমূলের বেশ কিছু কাউন্সিলর যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। সেই সংখ্যাটা ২০ বা তার আশেপাশে। তাহলে কি পুরভোটে বিজেপি প্রার্থী হতে পারেন তাঁরা ? ২০ জনের বেশি তৃণমূল কাউন্সিলর যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, সূত্রের খবর ।
যদিও পুজোর আগেই প্রার্থী নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, হঠাৎ যারা বিজেপি হয়েছে, তারা যদি মনে করে এভাবে পতাকা নিয়ে ঘুরলে তারা কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, তাহলে ভুল করছে। এনিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। বিজেপি বারবার দাবি খারিজ করে দিলেও, পুরসভার ভোটে বিজেপির সঙ্গে জোট করতে মরিয়া NCPI সাংসদরা। NCPI যতটা আত্মবিশ্বাসের সঙ্গে জোটের দাবি করেছে, রাজ্য় বিজেপি ততটাই জোরের সঙ্গে এই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে। তাহলে শেষ অবধি NCPI-এর ভবিষ্য়ৎ কী? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বিজেপি কি তাদের টিকিট দেবে ? নাকি একাই লড়বে? উত্তর দেবে সময়।
বাকি পুরসভার ভোট হতে পারে ফেব্রুয়ারিতে বলে সূত্রের খবর। কালীপুজোর মধ্যেই ১০টি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি পদে পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে । তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের ৩টি, রাঢ়বঙ্গের ৩টি ও দক্ষিণ ২৪ পরগনার ৪টি সাংগঠনিক জেলা। নভেম্বরে পুরভোটের পর কলকাতা উত্তর ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
পুজোর ছুটির পরই সম্ভবত জারি হতে পারে পুরসভা ভোটের বিজ্ঞপ্তি। কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কার্শিয়ং ও কালিম্পং-এই ৭ টি পুরসভায় ভোট হতে পারে। ফল ঘোষণা হতে পারে ২ ডিসেম্বর।
Before You Go
RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda























