Kunal Ghosh : মমতার সভায় যাওয়ার পথে 'কুণাল ঘোষের গাড়িতে হামলা', রড, লাঠি, পাথর, ইঁট, ডিম, কাঁধে চোট বিধায়কের
উত্তরপাড়ায় সখের বাজার মোড়ের কাছেই হামলা হল কুণাল ঘোষের গাড়িতে । শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথেই হল হামলা।

বিধানসভা ভোটে ধাক্কা খাওয়ার পর এই প্রথম হুগলিতে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুর কোর্টের মাঠে শনিবার জনসভা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। সেখানেই যাওয়ার পথে আক্রমণের মুখে পড়লেন বিধায়ক কুণাল ঘোষ। উত্তরপাড়ায় সখের বাজার মোড়ের কাছেই হামলা হল কুণাল ঘোষের গাড়িতে । শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথেই হল হামলা।
কুণাল ঘোষের অভিযোগ
কুণাল ঘোষের অভিযোগ, রাস্তা আটকে তাণ্ডব করে কিছু মানুষ । বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। রড, লাঠি, পাথর, ইঁট, ডিম ছোড়া হয় । ভেঙে যায় তাঁর গাড়ির কাচ। বিধায়কের কথায় তাঁর গা কাচে ভর্তি হয়ে যায়। তিনি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নেন। কুণাল ঘোষ জানিয়েছেন, ভাঙা গাড়ি নিয়ে হয় ভবানীভবন নয় লালবাজারে যাব। বিধায়কের পাল্টা হুঁশিয়ারি, হামলা করে আটকে রাখা যাবে না। "উত্তরপাড়ায় জঙ্গলের রাজত্ব" বলে নিন্দা করেন তিনি। বিধায়কের অভিযোগ, তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পুলিশের মদতেই কুণাল ঘোষের ওপর হামলা চালানো হয়েছে । তিনি বলেন, ' রাজ্যে কারও কোনও স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, কোর্টের অনুমতি নিয়ে সভা, তাও বানচাল করার চেষ্টা করা হচ্ছে । '
পাল্টা দেবজিৎ সরকার
যদিও, বিজেপি নেতা দেবজিৎ সরকারের যুক্তি, "বিজেপির ওপর মিথ্যে দোষারোপ দেওয়া হচ্ছে, আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোকেরা হামলা চালিয়েছে "। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, এই ঘটনা একেবারেই ঘটা উচিত নয়। প্রত্যেকের নিজ নিজ রাজনৈতিক দলের কাজ করার অধিকার আছে।
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভার জন্য সকাল থেকেই জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। এই সভাকে ঘিরে মমতা অনুগামী তৃণমূলের মধ্যে তৎপরতা তুঙ্গে । হাইকোর্টের নির্দেশ অনুসারে, বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই সমাবেশে সর্বোচ্চ হাজার জন লোক উপস্থিত থাকতে পারবেন। এছাড়া ছোট আকারের অস্থায়ী মঞ্চ তৈরি করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া কোনওরকম উস্কানিমূলক বা বিতর্কিত মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি শব্দবিধি মেনে চলা এবং সভা শেষে দ্রুত মঞ্চ ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই সভা থেকে কর্মীদের উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেটাই দেখার।
Before You Go
Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?






















