Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?
Madhyamik Uchcha Madhyamik Deferred Schedule : মাধ্যমিক পরীক্ষা মার্চে পিছিয়ে গেলে উচ্চমাধ্যমিকের নির্ধারিত সূচিতেও কিছুটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : জনগণনার কাজের জন্য পিছিয়ে যেতে পারে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষা আয়োজনের তোড়জোড় করছে পর্ষদ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার বিষয়টি চলবে, সেই কারণেই কোনও পরীক্ষা হবে না। মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছে সরকার, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এবিপি আনন্দকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে মন্ত্রী জানালেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্সাসের কাজ চলার কথা। সেই কারণে ওই সময়ের মধ্যে কোনও পরীক্ষা না রাখার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রী জানালেন, সাধারণত ফেব্রুয়ারি মাসেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু জনগণনার কাজের সঙ্গে পরীক্ষার সূচির সংঘাত এড়াতেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগামী বছর , ২০২৭ এ, ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু সেই পরীক্ষা ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হতে পারে। সরকারের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেটি বিবেচনা করেই চূড়ান্ত তারিখ জানানো হবে।
এদিকে, মাধ্যমিকের সূচি বদল হলে তার প্রভাব পড়তে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও। কারণ, রাজ্যে সাধারণত মাধ্যমিক পরীক্ষার পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ফলে মাধ্যমিক পরীক্ষা মার্চে পিছিয়ে গেলে উচ্চমাধ্যমিকের নির্ধারিত সূচিতেও কিছুটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। সেক্ষেত্রে দোলের পর শুরু হতে পারে ২০২৭-র উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। এখন সরকারের অনুমোদন মিললে নতুন পরীক্ষার সূচি প্রকাশ করা হবে। অর্থাৎ, আপাতত মাধ্যমিক পরীক্ষা মার্চে হওয়ার সম্ভাবনা তৈরি হলেও বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ১ মার্চ পর্যন্ত দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ চলবে। তবে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে ওই সময় তুষারপাত ঘটে। তাই ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জনগণনা হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। এই জনগণনায় রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের ব্যস্ত থাকার সম্ভাবনা । তাই ১ মার্চের আগে কোনও বড় পরীক্ষা রাখা হচ্ছে না। ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, দুই পরীক্ষার সূচিতেই বদল হতে পারে। তবে পর্ষদের চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের নতুন রুটিন জানার জন্য অপেক্ষা করতে হবে।
Before You Go
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda






















