Satabdi On Abhishek:"আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব", চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”
Satabdi Roy attacks Abhishek Banerjee : অভিষেকের চ্যালেঞ্জ, কটাক্ষ শতাব্দী রায়ের।

কলকাতা: অভিষেকের চ্যালেঞ্জ, কটাক্ষ শতাব্দী রায়ের। মূলত,ভেঙে খান খান 'কালীঘাট তৃণমূল'। এই আবহে, গতকাল বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, "আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।" আর এদিন শতাব্দী রায় বলেন,'এটা মনে হয় ৪ তারিখের ভোটের ফলের পর ৫ তারিখ করলে ভাল হত। তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এটা হত না। হার-জিত আছেই, যেকোনও দলই হারতে পারে, জিততে পারে। দল যে টুকরো টুকরো হয়ে গেল, দিদির মত নেত্রীর দল সেটা দুঃখজনক। অভিষেকের এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত, যেটা দেরিতে নিল।'
আরও পড়ুন, সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র, "বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ২২ সালে.."
রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল।মুখ্যমন্ত্রীর চেয়ার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেছেন, তাঁরা তো বটেই। তৃণমূল নেত্রীর সঙ্গেও থেকে গেছেন, এমন নেতাদেরও একাংশের নিশানায় আজ একজনই। অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের করুণ পরিস্থিতির জন্য এই একটা লোককেই দায়ী করে আসছে সবাই। যার পাল্টা হিসেবে এবার মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আপনারা ফিরে আসুন, ২৪ ঘণ্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব। ২৪ ঘণ্টা, চলো ২৪ ঘণ্টা ছেড়ে দাও, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।
মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। ৮০ জনের মধ্যে ৬০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে তৈরি করেন আলাদা শিবির। পরবর্তীকালে সেখানে যখন একে একে অন্যান্য নেতা-নেত্রীরা নাম লেখান তাঁদেরও নিশানায় থাকেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী সে সকল সাংসদরা 'কালীঘাট তৃণমূল' ছেড়ে NCPI-এর সঙ্গে মিশে গেছেন, তাঁদেরও অনেকের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, ও (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) দলে যেভাবে, জীবনযাত্রা তৈরি করেছে, সেটা চোখে লাগার মতো এবং তাতেই মানে ওর চলাফেরা, তাতেই কিন্তু ও সবার কাছে অভিযোগের কারণ। যেখানে দিদি মাটিতে বসে চা খায়, সেখানে অভিষেক মাটিতে বসে না।
এই বিধায়ক থেকে সাংসদ।যাঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন বা ছেড়ে যাওয়ার জল্পনা উস্কে দিয়েছেন, তাঁদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বলবেন? যদি আমাকে নিয়ে কারও সমস্যা থাকে, আমি চ্যালেঞ্জ করছি, ৬০ জন বিধায়ক চলে গেছেন, কিছু লোক গেছেন, ২০জন সাংসদ গেছেন। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত আসুন। ২৪ ঘণ্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব।' কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এরকম চ্যালেঞ্জ বরাবর করে থাকেন, এই করে নেব, সেই করে নেব। আসলে উনি চান না, সবাই দলে ফিরুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ কি গ্রহণ করবেন বিদ্রোহীরা? নাকি তৃণমূল ভাঙতেই থাকবে? সেটাই এখন দেখার।






















