RG Kar Case: " আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
RG Kar Case BJP MLA Ratna Debnath Reaction: আজ অভয়াকাণ্ডের ২ বছর সম্পূর্ণ হল, কী প্রতিক্রিয়া আরজি করে ধর্ষণ ও খুনে নিহত চিকিৎসকের মায়ের ?

কলকাতা: আজ অভয়াকাণ্ডের ২ বছর। অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, ‘ আমার কাছে দুটো বছর মানে, মিনিট , সেকেন্ড, এভাবে গুণে গুণে দিনগুলি যাচ্ছে, কীভাবে যাচ্ছে , জানি না। ..আমার মেয়েটা হাসতে হাসতে চলে যেতে পারেনি। তাঁর স্বপ্নপূরণ হয়নি। ভুবন এখনও কাঁদছে। তদন্ত হবে, বিচার হবে। বিচার না হলে তো, আমি ছাড়ব না কাউকে। যারা আমার মেয়ের সঙ্গে এই অপরাধমূলক কজ করেছে, তাঁরা মানুষই না। আগে তাঁরা মানুষ হবে, তারপরে তো ডাক্টার। তাঁরা সবাই ডক্টর পদবিটা পেয়েছে। কিন্তু তাঁরা মানুষ বলে মনে করি না। এবং তাঁদের নামের আগে আমি কোনও দিন ডক্টর ইউজ করব না।’
আরও পড়ুন, অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে গিয়েছিল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। নতুন তদন্তকারী অফিসার সন্দীপনি গর্গ ও সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমার-সহ SIT-এর ৩ সদস্যের টিম ঘুরে দেখে ঘটনাস্থল ও আশেপাশের এলাকা। এনিয়ে রাজনৈতিক চাপানউতোরও চলছে সমানতালে। ২০২৪ সালের ৯ অগাস্ট, R G কর মেডিক্য়ালের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ ও খুন করা হয় তরুণী চিকিৎসককে। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্য়স্ত করে আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তারপরেও নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, তাঁরা বহু প্রশ্নের উত্তর পাননি।
বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে জিতে বিধায়ক হয়েছেন নিহত চিকিৎসকের মা। রাজ্যে বিজেপি সরকার আসার পর খুলেছে আর জি কর কাণ্ডের ফাইল। ৩ IPS অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তাঁর কথায় যারা ঘুষ দিতে গিয়েছিলেন তিন IPS সাসপেন্ড হয়েছেন। অপেক্ষা করুন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তদের কল রেকর্ড আর চ্য়াট যখন তদন্তকারীরা পাবেন এবং সামনে আনবেন সেদিন দেখতে পাবেন আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা কতদূর পর্যন্ত নীচে নেমেছে।'
RG কর-কাণ্ডে গত ৩০ তারিখ শিয়ালদা আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে CBI.আদালতে নতুন তদন্তকারী অফিসার সন্দীপনি গর্গের সঙ্গে কথা বলেন নির্যাতিতার মা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, মামলার ১০০০ পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে মা-বাবার অভিযোগ। নতুন করে শুরুর পর তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।






















