Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
State Minister Agnimitra Paul On KMC Howrah Municipality: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, কী জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ?

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়। এবার কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হচ্ছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যে ডিলিমিটেশন করা হচ্ছিল কলকাতা ও হাওড়ার ক্ষেত্রে, এবার সেই পুনর্বিন্যাসের পর, কলকাতা পুরসভায় ১৪৪ থেকে ওয়ার্ড বেড়ে হচ্ছে ২০৯টি। ডিলিমিটেশনের পর হাওড়া পুরসভায় ৫০ থেকে ওয়ার্ড বেড়ে হচ্ছে ৬৮টি ওয়ার্ড। এই যে এতগুলি ওয়ার্ড বাড়ানো হচ্ছে, এব্যাপারে শীঘ্রই বিধানসভায় একটি বিলও আনা হবে। এমনটাই জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, কিন্তু টাকা এখনও পাননি ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায় গিয়ে জানিয়েছিলেন যে ডিলিমিটেশন হবে। এবং তারপরেই নির্বাচন হবে কলকাতা পুরসভায়। এবং এই ডিলিমিটেশনের কাজ চলছিল। কালকে পুর কমিশনার জানিয়েছেন, খসড়া তৈরি হয়ে গিয়েছে। তারপরের যে প্রসেসগুলি আছে, সেইগুলি হচ্ছে।এবং সেই অনুযায়ী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানিয়ে দিলেন, ১৪৪ থেকে বেড়ে ২০৮ টি ওয়ার্ড হচ্ছে কলকাতা পুরসভায় এবং হাওড়াতে ৫০ টি থেকে বেড়ে ৬৮ টি ওয়ার্ড হচ্ছে।
সূত্রের খবর, প্রতি ওয়ার্ডে জনসংখ্যা ১৬ থেকে ১৮ হাজার রাখার কথা ভাবছে প্রশাসন। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য় দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি পুরসভার কমিটি এবং একটি বরোভিত্তিক কমিটি গড়া হয়েছে।ফিল্ড সার্ভের পর সেই রিপোর্ট জমা পড়বে পুরসভার কমিটির কাছে। সব খতিয়ে দেখে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করা হবে ৩১ জুলাই। 'কালীঘাট-তৃণমূল' বিধায়ক কুণাল ঘোষ বলেন, এটা নিয়ে এইভাবে, আমাদের দলও সবটা বিশ্লেষণ করে দেখছে, এটা নিয়ে এইভাবে কোনও মন্তব্য করব না।' এই আবহে পঞ্চায়েতে পুনর্বিন্যাস হবে বলেও জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ৩০ টার বেশি সদস্য আছে এক একটা পঞ্চায়েতে। অন্য রাজ্যে তিন চারটের বেশি নয়, একটা পঞ্চায়েতে। তারা সুষু প্রশাসন দিচ্ছে। আমরাও এর সুষঠু বন্টন করছি। আমরাও চার হাজারের বেশি পঞ্চায়েত নতুন করে করে দিচ্ছি। লোকসভা বাড়বে বিধানসভা বাড়বে, ব্লক সব বাড়বে। কলকাতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বকেয়া হাওড়া পুরসভার ভোটও এবার করানোর ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। সেই ভোট কবে হয়, সেটাও দেখার।






















