Supratim Sarkar : এবার সদ্য প্রাক্তন কলকাতার CP-কে অন্য রাজ্যেই পাঠাতে চায় কমিশন, জেনেই সুপ্রতিম জানালেন...
West Bengal Election : এই মুহূর্তে তিনি ভিন রাজ্যের পোস্টিং নিতে অপারগ বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। এমনটাই খবর সূত্রের।

কলকাতা : কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে ভিনরাজ্যে পাঠাতে চায় কমিশন । তাঁকে তামিলনাড়ুর পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিতে চায় কমিশন।
গত ৩০ জানুয়ারি কলকাতা পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন সুপ্রতিম সরকার। কিন্তু ১৫ মার্চ বাংলার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরের দিনই, অর্থাৎ ১৬ মার্চ তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপরই রাজ্য সরকার তাঁকে CID-র অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ADG, CID) হিসেবে পুনর্বহাল করে। এরপর সুপ্রতিম সরকারের নেতৃত্বেই রাজ্যের CID মালদার মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে বাগডোগরা বিমানবন্দরে পালানোর সময় আটক করা হয় বলে জানায় পুলিশ। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে সিআইডির প্রশংসা করে বলেন, “CID-ই দুষ্কৃতীদের হাতে নাতে ধরেছে। CID নির্বাচন কমিশনের অধীনে নয়।” এর মধ্যেই কমিশন তাঁকে ভিনরাজ্যে পাঠাতে চেয়েছে।
কী জানিয়েছেন সুপ্রতিম সরকার?
তবে এই মুহূর্তে তিনি ভিন রাজ্যের পোস্টিং নিতে অপারগ বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। এমনটাই খবর সূত্রের। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার নাকি জানিয়েছেন, মেডিক্যাল ইমার্জেন্সির কারণে তাঁর যাওয়া সম্ভব নয়। আবেদন জানিয়ে বিষয়টি বিবেচনার জন্য CEO দফতরে চিঠিও পাঠিয়েছেন সুপ্রতিম সরকার। CEO দফতর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে , খবর সূত্রের।
ভিনরাজ্যে বদলি এর আগেও
এর আগে নির্বাচন কমিশন বাংলার ১৫ জন IPS অফিসারকে তামিলনাড়ু, কেরল ও নাগাল্যান্ডে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ দেয়। তবে পরে পাঁচজন অফিসারের ক্ষেত্রে সেই নির্দেশ স্থগিত করা হয়। বাকি ১০ জনের মধ্যে দু’জন ইতিমধ্যেই অব্যাহতির আবেদন করেছেন। সুপ্রতিম সরকারের অব্যাহতির আবেদনও এখনও বিবেচনার অপেক্ষায় রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ১৫ মার্চ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ৩১ জন IPS অফিসারকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়েছে, যার মধ্যে সুপ্রতিম সরকারও রয়েছেন।
এর আগে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব থেকে সরিয়ে, তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হয় জগদীশ প্রসাদ মিনা-কে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় জগদীশ প্রসাদ মিনা-কে। এ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণার দিনই মধ্যরাতে, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তার বদলে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয় সঙ্ঘমিত্রা ঘোষকে।




















