Liquor Shops Closed: ভোট ও গণনার এত আগে থেকে বন্ধ মদের দোকান! খোলা থাকবে শুধু একদিনই, কবে?
Liquor Shops Closed News: নোটিসে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম দফা নির্বাচনের আগেই, ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল গোটা রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে

- রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ, জারি নয়া নির্দেশিকা।
- নির্বাচনী নির্ঘণ্টের আগেই বিধিনিষেধ, যা নজিরবিহীন।
- ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ দোকান।
- গণনার দিনও মদ বিক্রি বন্ধ থাকবে রাজ্যে।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নির্বাচনের আগে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য-সরকারের। পশ্চিমবঙ্গের এক্সসাইজ কমিশনারের নির্দেশে সোমবার থেকে আচমকাই বন্ধ হয়ে গেল রাজ্যের সমস্ত মদের দোকান। এর আগে, যে দফায় যেখানে ভোট, তার ৪৮ ঘণ্টা আগে সেখানকার সমস্ত মদের দোকান বন্ধ হয়ে যেত। এইবার নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে, ৪ মে। ২৩ এপ্রিল কোচবিহারের ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, জলপাইগুড়ির ৭টি, কালিম্পংয়ের ১টি, দার্জিলিংয়ের ৫টি, উত্তর দিনাজপুরের ৯টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি ও মালদার ১২টি আসনে ভোট হবে। কিন্তু তার ৯৬ ঘণ্টা আগে, অর্থাৎ ২০ এপ্রিল থেকেই মদ বিক্রির ওপর জারি করা হল বিধিনিষেধ। উল্লেখযোগ্যভাবে, এই বিধিনিষেধ গোটা পশ্চিমবঙ্গেই লাগু করা হয়েছে, কেবলমাত্র যে যে জায়গায় নির্বাচন, সেখানে নয়।
নির্বাচনের আগে রাজ্যজুড়ে 'ড্রাই ডে'
রাজ্যে প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল। নোটিসে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম দফা নির্বাচনের আগেই, ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল গোটা রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। উল্লেখ্য, এর আগে শুধুমাত্র যেখানে যেখানে নির্বাচন, সেখানকার মদের দোকান ৪৮ ঘণ্টা আগে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হত। তবে এবার, গোটা রাজ্যের সমস্ত মদের দোকান ও রেস্তোরাঁর ওপরেই লাগু হয়েছে এই বিধিনিষেধ। শুধুমাত্র ২৪ এপ্রিল, শুক্রবার গোটা রাজ্যে সারাদিন খোলা থাকবে মদের দোকান। এর পরেরদিন, অর্থাৎ ২৫ এপ্রিল সন্ধে ৬টা পর্যন্ত গোটা রাজ্যে মদের দোকান খোলা থাকবে। এরপরে ফের, ২৬ তারিখ থেকে পূর্ণদিবসের জন্যই বন্ধ হয়ে যাবে মদের দোকান। ২৬ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল সারাদিনের জন্য বন্ধ থাকবে মদের দোকান। প্রসঙ্গত ২৯ এপ্রিলই দ্বিতীয় দফার নির্বাচন। এরপরে, ফের কাউন্টিংয়ের দিন, অর্থাৎ ৪ মে পূর্ণদিবসের জন্য বন্ধ থাকবে মদের দোকান, এটাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী নিয়ম রেস্তোরাঁগুলির ক্ষেত্রে?
যে সমস্ত রেস্তোরাঁগুলিতে খাবারের সঙ্গে সঙ্গে মদ ও পরিবেশন করা হয়, সেখানে যাতে মদ পরিবেশন বন্ধ রাখা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মদের যে সমস্ত দোকান রয়েছে সেগুলি থেকেও যেন কোনোভাবে মদ বিক্রি না করা হয়, পুলিশ সেদিকে কড়া নজর রাখছে। নির্বাচনের ৯৬ ঘণ্টা আগে এই ধরনের পদক্ষেপ কার্যত নজিরবিহীন।




















