কলকাতা : কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই ভোটগ্রহণ হয়েছে প্রথম দফায়। এবার পাখির চোখ দ্বিতীয় দফা। ১৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট রাখবে কমিশন। এবার ১৪২টি বিধানসভা কেন্দ্রের ভোটের জন্য মোতায়েত করা হবে মোট ২ হাজার ৩২১ কোম্পানির বাহিনী। কলকাতায় মোতায়েন থাকবে সবচেয়ে বেশি বাহিনী - ২৭৩ কোম্পানি। ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানের ১৪২ আসনে।

নির্বাচনের ২য় দফার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ আগরওয়াল বললেন, ' আমরা আগেই বলে দিয়েছিলাম, এবার যদি কোনও গন্ডগোল হয়, বুথের ভিতরে গন্ডগোল হয়, তাহলে CAPF-এর পুরো দায় থাকবে। ১০০ মিটারের যে লক্ষ্মণরেখা থাকছে, তার ভিতরে পুরোপুরি দেখভাল করবে CAPF। ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেবে না। আর যাঁরা ভিতরে ঢুকবেন, তাঁকে আইকার্ড দেবেন RO। কোনও মেকানিক হন, কেউ খাবার নিয়ে যাচ্ছেন বা জল নিয়ে যাচ্ছেন, তাঁদের অনুমতি দেবেন। আমাদের যে EVM আছে, যে পোলিং মেশিন আছে, সব কিছুর দায়িত্ব CAPF-এর ' 

দ্বিতীয় দফায় যেখানে যেখানে ভোট হবে, সেখানে অতীতে অশান্তির রেকর্ড রয়েছে। তাই বিধানসভা ভিত্তিক ও এলাকা ভিত্তিক সেই সমস্ত জায়গায় বিশেষ সিকিওরিটি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে দাবি। পাশাপাশি দ্বিতীয় দফার ভোটের আগে বাছা বাছা কেন্দ্রগুলিতে পরিদর্শনও করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। 

আরও পড়ুন : প্রথম দফায় ১১০ আসনের বেশি বিজেপি জিততে চলেছে, বড় দাবি অমিত শাহের

চলুন দেখে নেওয়া যাক, দ্বিতীয় দফায় কোথায় কত বাহিনী মোতায়েন থাকছে। 

  • বারাসাত পুলিশ জেলায় থাকবে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় - ৫০ কোম্পানি
  • ব্যারাকপুর কমিশনারেট এলাকায় - ১৬০ কোম্পানি 
  • ডায়মন্ড হারবার পুলিশ জেলায় - ১৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় - ১১০ কোম্পানি
  • চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় - ৮৩ কোম্পানি
  • কৃষ্ণনগর পুলিশ জেলায় - ১৫৮ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী 
  • পূর্ব বর্ধমানে - ২৬০ কোম্পানি
  • আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় - ১৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

আরও পড়ুন :  প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...