PM Modi: প্রধানমন্ত্রীর আসনে রেকর্ড, 'অত্যন্ত বুদ্ধিমান ও শক্তিশালী', বিশেষ শুভেচ্ছাবার্তা ডোনাল্ড ট্রাম্পের, প্রতিক্রিয়ায় কী জানালেন মোদি?
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ভারতের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন—তিনি সত্যিই একজন অসাধারণ প্রধানমন্ত্রী!'

নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর আসনে টানা ৪ হাজার ৩৯৯ দিন।নির্বাচিত প্রধানমন্ত্রিত্বের মেয়াদের হিসেবে জওহরলাল নেহরুকেও পিছনে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদি। ১২ বছর পূর্তিতে দিল্লিতে হল NDA-র বিশেষ বৈঠক। দেশকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দেওয়ার অভিযোগে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদিকে ঝালমুড়ি খাওয়ালেন মুখ্যমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছাবার্তা পাঠালেন মোদিকে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ভারতের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন—তিনি সত্যিই একজন অসাধারণ প্রধানমন্ত্রী! তিনি একজন বলিষ্ঠ, সুস্বাস্থ্যের অধিকারী ও বিচক্ষণ ব্যক্তি; তাঁর সামনে রয়েছে আরও বহু বছরের মহত্ত্ব ও সাফল্য! —প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প'।
শুভেচ্ছাবার্তা পেয়ে নরেন্দ্র মোদি বলেছেন, 'ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ, আমাদের দেশ এবং বিশ্বের উভয়ের সুবিধার জন্য'।
২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। সেই থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা, ৪ হাজার ৩৯৯ দিন দায়িত্ব পালন করে গড়লেন নতুন নজির। নরেন্দ্র মোদির মুকুটে যোগ হল নতুন পালক। প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাওয়ালেন শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রীর আসনে ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার দিল্লির ভারত মণ্ডপমে হল বিজেপি নেতৃত্বাধীন জোট NDA-র বিশেষ বৈঠক। বৈঠক শেষে ভাষণে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন নরেন্দ্র মোদি।
১৯৪৭ সালের ১৫ অগাস্ট দেশের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। ২৭ মে ১৯৬৪, মৃত্যুর দিন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। সেই হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ ১৬ বছর ৯ মাস ১২ দিন। দিনের হিসেবে ৬ হাজার ১৩০ দিন। কিন্তু গেরুয়া শিবিরের যুক্তি, নেহরু টানা ১৬ বছর প্রধানমন্ত্রী থাকলেও ১৯৪৭ থেকে ১৯৫২ পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না।
সেই হিসেবে, জওহরলাল নেহরু একটানা প্রধামন্ত্রী ছিলেন ৪ হাজার ৩৯৮ দিন। ইন্দিরা গান্ধী ছিলেন একটানা ৪ হাজার ৭৮ দিন, মনমোহন সিং ৩ হাজার ৬৫৭। অটলবিহারী বাজপেয়ী ২ হাজার ২৫৭ দিন এবং রাজীব গান্ধী একটানা ১ হাজার ৮৫৯ দিন।
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির ১২ বছরের সাফল্য তুলে ধরতে গোটা দেশে মঙ্গলবার থেকে এক মাসের প্রচারাভিযান শুরু করেছে NDA। বুধবার NDA-র বিশেষ বৈঠকের পর নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেই ছবি পোস্ট করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, NDA-র বৈঠকের ফাঁকে ঝালমুড়ির বিরতি।আমাদের সব নেতাই এই জলখাবারটি দারুণ উপভোগ করেছেন!






















