Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
Census 40 Questions: জনগণনা বা আদমশুমারিতে ৪০টি প্রশ্ন থাকবে। তালিকা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

নয়াদিল্লি: ডিজিটাল এনুমারেশন শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বাকি এখনও। তার আগে ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই তালিকায় রয়েছে জাত, কোভিড টিকাকরণ কেন্দ্র পর্যন্ত। জানাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যাও। ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় জনগণনা শুরু হচ্ছে। তার আগে ওই ৪০ টি প্রশ্ন সহকারে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র। (Census 40 Questions)
শুক্রবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র, তাতে ১৩টি নতুন প্রশ্ন যুক্ত করা হয়েছে। ২০১১ সালের জনগণনার প্রশ্নপত্রে সেগুলি ছিল না। ২৯টি প্রশ্ন ২০১১ সালেও ছিল। এবারেই প্রথম জীবনসঙ্গীর নাম, তাঁর নাগরিকত্ব, বাবা এবং মায়ের তথ্য, ডিজিটাল সাক্ষরতা, স্থায়ী ঠিকানা, কোভিড টিকাকরণ কেন্দ্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, পাসপোর্টের নম্বর, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নম্বর, আধার এবং ভোটার কার্ডের নম্বর চাওয়া হচ্ছে। (Census In India)

তাৎপর্যপূর্ণ ভাবে, ২০১৯ সালে জাতীয় জনসংখ্যা পঞ্জি বা NPR-এর রিহার্সালের সময় যে যে প্রশ্ন সামনে আনা হয়েছিল, তার সঙ্গে এবারের আদমশুমারির কিছু প্রশ্ন মিলে গিয়েছে। প্রথম দফায় জনগণনার সঙ্গে সঙ্গেই NPR হওয়ার কথা ছিল সেবার। কিন্তু বিরোধীদের আপত্তি এবং নাগরিক সমাজের বিরোধিতার জেরে পিছু হটতে হয়েছিল কেন্দ্রকে। ওই ডেটা সংগ্রহ করে জাতীয় নাগরিক পঞ্জি বা NRC-তে ব্যবহার করা হতে পারে অভিযোগ উঠেছিল।

জনগণনার জন্য যে ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র, সেগুলি হল-
১) সংশ্লিষ্ট ব্যক্তির নাম
২) পরিবারের প্রধান সদস্যের সঙ্গে সম্পর্ক
৩) লিঙ্গ পরিচয়
৪) জন্মের সাল এবং বয়স (বছরের হিসেবে)
৫) বিবাহিত না অবিবাহিত
৬) বিয়ের বয়স (বছরের হিসেবে)
৭) জীবনসঙ্গীর নাম
৮) ঘোষিত ভাবে কোন দেশের নাগরিক
৯) ধর্মবিশ্বাস
১০) তফসিলি জাতি/তফসিলি জনজাতি/জাতি
১১) বাবার তথ্য (নাম, জন্মস্থান, নাগরিকত্ব, বয়স সংক্রান্ত তথ্য)
১২) মায়ের তথ্য (নাম, জন্মস্থান, নাগরিকত্ব, বয়স সংক্রান্ত তথ্য)
১৩) শারীরিক প্রতিবন্ধকতা
১৪) মাতৃভাষা এবং অন্য ভাষাজ্ঞান
১৫) সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতা
১৬) স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত কি না
১৭) কতদূর পড়াশোনা, কোন বিভাগে পড়াশোনা
১৮) জনগণনা সমীক্ষার আগের ১২ মাসে কোথাও কর্মরত ছিলেন কি না
১৯) কর্মরত কি না, স্থায়ী না অস্থায়ী চাকুরি
২০) পেশা
২১) কোন ক্ষেত্রে, শিল্প, বাণিজ্য না পরিষেবা
২২) কোন শ্রেণির কর্মী
২৩) অর্থনৈতিক নয় এমন কার্যকলাপ (প্রান্তিক, আধা প্রান্তিক এবং কর্মহীনদের)
২৪) কাজের সন্ধান করছেন কি না (প্রান্তিক, আধা প্রান্তিক এবং কর্মহীনদের)
২৫) বাড়ি থেকে অফিস যাতায়াত কী ভাবে
২৬) জন্মস্থান
২৭) শেষ ঠিকানা
২৮) ঠিকানা বদলের কারণ
২৯) বর্তমান ঠিকানায় কদতিন ধরে বাস
৩০) স্থায়ী ঠিকানা
৩১) বর্তমানে সন্তানের সংখ্যা (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন এবং স্বামীবিচ্ছিন্নাদের জন্য)
৩২) মোট সন্তান কয়’টি (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন এবং স্বামীবিচ্ছিন্নাদের জন্য)
৩৩) গত এক বছরে জীবিত সন্তানের সংখ্য়া (বিবাহিত মহিলাদের জন্য)
৩৪) কোভিড-১৯ টিকাকেন্দ্রের নাম
৩৫) মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট
৩৬) মোবাইলনম্বর (থাকলে)
৩৭) আধার নম্বর (থাকলেে)
৩৮) ভোটার আইডি নম্বর (থাকলে)
৩৯) পাসোপোর্টের নম্বর (থাকলে)
৪০) ড্রাইভিং লাইসেন্স আছে কি না
আরও পড়ুন: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসে বললেন মোদি























