এক্সপ্লোর
মোদী সরকার 'দলিত-বিরোধী', দেখালেন বিজেপির ৫ দলিত এমপি-ই! তোপ কংগ্রেসের

নয়াদিল্লি: বিজেপির ৫ দলিত সাংসদ যে ভাষায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, তাতেই তার 'দলিত-বিরোধী' চেহারা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করল কংগ্রেস। কেন্দ্রকে 'দলিত-বিদ্বেষী' তকমা দিয়ে কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার অন্তহীন 'নীরবতা' ভেঙে ওই সাংসদদের ক্ষোভ, উদ্বেগ নিরসন করুন। বলেন, শাসক দলের এমপি-রাই যখন উদ্বেগ, আশঙ্কা প্রকাশ করছেন, তখন তফসিলি সম্প্রদায়ের মানুষ কেমন আছেন, তা বোঝা যায়। ওঁরাই প্রমাণ করে ছাড়লেন যে, মোদী ভারতকে 'দলিত-মুক্ত' করার লক্ষ্যে এগচ্ছেন। মোদীর দলিত-বিরোধী মানসিকতা, নীতি প্রকট করে দিয়েছেন ওঁরাই। মোদীর ২০১৪-র 'চায়ে পে চর্চা' প্রচার ও মাসিক 'মন কী বাত' বেতার ভাষণকে কটাক্ষ করেও শেরগিল বলেন, প্রধানমন্ত্রী এবার বরং নিজের দলের দলিত সাংসদদের নিয়ে 'চর্চা'য় বসুন, তাঁদের 'মন কী বাত' শুনুন। শেরগিল বলেন, কেন্দ্রের উদাসীনতার মধ্যেই দলিতদের ওপর অত্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে যে বিজেপির নিজেদের সাংসদরাই বলছেন, দলিতদের জন্য কিছুই করেনি মোদী সরকার, তাদের হাল এই সরকারের শাসনে আরও খারাপ হয়েছে। প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের ৫০ শতাংশের বেশি দলিত, আদিবাসী জনসংখ্যা থাকা গ্রামে গ্রামে গিয়ে রাত কাটানোর যে পরামর্শ দিয়েছেন, তাকে কটাক্ষ করে শেরগিল বলেন, 'পিআর চমক' না করে প্রধানমন্ত্রী বরং আগে নিজের বাসভবনে দলের দলিত এমপিদের ডেকে তাঁদের উদ্বেগ দূর করুন। বিজেপির পাঁচ দলিত এমপি উদিত রাজ, সাবিত্রী বাই ফুলে, ছোটে লাল খারোয়ার, অশোক কুমার দোহরে, যশবন্ত সিংহ সরকারের লম্বাচওড়া দাবির ফানুশ ফুটো করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, তিন লোকসভা সদস্য দলিতদের সমস্যাগুলি নিয়ে মুখ খুলেছেন। উদিত রাজ, দোহরের মতো এমপিরা দলীয় নেতৃত্বকে নিশানা না করলেও যশবন্ত ও ফুলে চাঁচাছোলা ভাষায় সরাসরি মোদী সরকারকে আক্রমণ করেছেন। মোদীর 'নিখাদ নীরবতা' দেখাচ্ছে, বিজেপি-আরএসএস দলিত-মুক্ত ভারত গড়ার পথে এগচ্ছে, আর উনি তফসিলিদের যন্ত্রণা, উষ্মা দেখে 'মজা পাচ্ছেন'।
আরও পড়ুন
সেরা শিরোনাম
বিজ্ঞান
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























