এক্সপ্লোর
মেঘালয়ে ভোটপ্রচারে কংগ্রেসি মন্ত্রীদের বিরুদ্ধে বুকলেট, বিজেপিকে শোকজ নির্বাচন কমিশনের

শিলং: মেঘালয়ে বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে তৈরি করা বুকলেট ছড়িয়ে দিয়েছে বিজেপি। নির্বাচন কমিশন আজ এ ব্যাপারে শো কজ করল তাদের। 'চার্জশিট' শিরোনামে তৈরি ওই বুকলেটে রাজ্যের কয়েকজন কংগ্রেসি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছে। কংগ্রেস এ নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করে। তারপরই আজ কমিশন বিজেপির কাছে জানতে চায়, জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগে কেন ওই বুকলেট বিলি বন্ধ করা হবে না। আজ নির্ধারিত সময়সীমার মধ্যে বিজেপি শো কজের জবাবও পাঠিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ১৫ বছরের লুঠ, ১৫ বছরের ধ্বংসলীলা-এই নামে তৈরি ওই বুকলেট আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে জে আলফোনস। মুখ্য নির্বাচনী অফিসার এফআর খারগোনকর বলেন, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন অনুসারে প্রিন্টারের নাম, তার বিস্তারিত তথ্য, প্রকাশকের নাম, তথ্যও না দিয়েই বিজেপি ওই বুকলেট বের করেছে বলে মনে হচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইনের ১২৭ এ ধারায় প্রকাশক, মুদ্রকের নাম, ঠিকানা ছাড়া কোনও নির্বাচনী পোস্টার বা প্যামফ্লেট ছাপা বা প্রকাশ করা বারণ।
আরও পড়ুন
























