হোয়াটসঅ্যাপ পেমেন্ট: তথ্য সুরক্ষা, আরবিআই শর্তাবলি পালন হচ্ছে তো? খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস রিজার্ভ ব্যাঙ্কের নিয়মাবলি ও গ্রাহক-তথ্য সুরক্ষার শর্তাবলি ঠিকমতো পালন করছে কি না তা খতিয়ে দেখতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-কে নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রক।
শীঘ্রই, হোয়াটসঅ্যাপ বেশ কিছু নতুন পরিষেবা আনতে চলেছে বলে খবরে শোনা যাচ্ছে। সূত্রের খবর, সেই তালিকার অন্যতম হল অর্থের লেনদেন—অনেকটা বাজারে প্রচলিত অনলাইন পেমেন্ট সাইটের মতো।
তার আগে, গ্রাহকদের লেনদেন-সংক্রান্ত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে তৎপর কেন্দ্র। একইসঙ্গে, অর্থের লেনদেন করার সময় আরবিআই-এর গাইডলাইন মানা হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
গত ৮ এপ্রিল, আরবিআই এক নির্দেশিকায় সকল পেমেন্ট সিস্টেম অপারেটর্সদের উদ্দেশ্যে জানায়, লেনদেন সংক্রান্ত তথ্য কেবলমাত্র ভারতেই থাকবে। সংস্থাগুলিকে ৬ মাস সময়সীমা দেওয়া হয় বিষয়টিকে নিশ্চিত করতে।
সূত্রের খবর, ১০ লক্ষ পর্যন্ত গ্রাহককে পেমেন্ট পরিষেবার বিটা ভার্সান চালু করার অনুমতি দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপকে। তার আগে, কেন্দ্র খতিয়ে দেখতে চায়, গ্রাহক-তথ্য হোয়াটসঅ্যাপের পরিচালন সংস্থা ফেসবুকের কাছে চলে যাচ্ছে না তো!
এপ্রসঙ্গে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গোটা লেনদেন প্রক্রিয়া অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিত থাকবে। কোনও প্রকার প্রতারণা, জালিয়াতি ও চুরি ও অপব্যবহার রুখতে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে করা লেনদেন সংক্রান্ত নির্দেশ ফেসবুকের মাধ্যমে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠানো হলেও, তারা (ফেসবুক) তার বাণিজ্যিক ব্যবহার করে না।























