এক্সপ্লোর
মহাত্মা মৃত্যুর সময় 'হে রাম' উচ্চারণ করেননি, কখনও এ কথা বলিনি, দাবি ব্যক্তিগত সহায়কের
চেন্নাই: ৭০ বছর আগে আততায়ী নাথুরাম গডসের গুলিতে খুন হওয়ার সময় মহাত্মা গাঁধী 'হে রাম' শব্দটা বলেননি, ২০০৬ সালে এ কথা জানিয়ে দেশবাসীকে চমকে দিয়েছিলেন তিনি। এবার তার এক দশকেরও বেশি সময় কেটে যাওয়ার পর মহাত্মার আপ্ত সহায়ক বেঙ্কিটা কল্যাণম আজ দাবি করলেন, তিনি ও কথা বলেননি। তাঁকে ভুল উদ্ধৃত করা হয়েছিল। ১৯৪৩ থেকে ১৯৪৮ পর্যন্ত মহাত্মা পার্সনাল সেক্রেটারি ছিলেন কল্যাণম। তাঁর বক্তব্য তখনই খারিজ করে দিয়েছিলেন গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী। গাঁধী হত্যাকাণ্ড মামলার বিচারে গুরবচন সিংহের দেওয়া সাক্ষ্য উদ্ধৃত করে তিনি বলেছিলেন, গুলিবিদ্ধ হওয়ার পর বাপু হাতজোড় করে 'হে রাম' কথাটা উচ্চারণ করেছিলেন। এখন কল্যাণমের বয়স ৯৬। ১৯৪৮-এর ৩০ জানুয়ারি মহাত্মা খুনের প্রত্যক্ষদর্শী বলে দাবি করা কল্যাণম বলেছেন, গাঁধীজি 'হে রাম' কথাটা মৃত্যুর সময় উচ্চারণই করেননি, কখনও তা বলিনি। আমি বলেছিলাম, তাঁকে 'হে রাম' বলতে শুনিনি। গাঁধীজি গুলিবিদ্ধ হওয়ার পর সেখানে প্রবল শোরগোল, হৈচৈ শুরু হয়। সকলেই চিত্কার করছিলেন। হট্টগোলের মধ্যে কিছু শুনতেই পাইনি। হতে পারে, তিনি 'হে রাম' বলেছিলেন, কিন্তু আমি শুনতে পাইনি। গডসে গাঁধীজীকে একবারই হত্যা করেছেন, আর রাজনৈতিক দলগুলি তাঁর আদর্শ জলাঞ্জলি দিয়ে তাঁকে প্রতিদিন হত্যা করছে বলেও মন্তব্য করেন কল্যাণম।
Before You Go
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস





















