মুদ্রাস্ফীতি, আর্থিক ঘাটতির আশঙ্কায় ঋণের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই: মুদ্রাস্ফীতি ও আর্থিক ঘাটতির আশঙ্কার জেরে প্রত্যাশামতোই ব্যাঙ্ক রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার শীর্ষ ব্যাঙ্কের ৬ সদস্য-বিশিষ্ট অর্থবিষয়ক নীতি-নির্ধারক কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রেপো রেট ও রিভার্স রেপো রেট যথাক্রমে ৬ এবং ৫.৭৫ শতাংশেই বহাল থাকবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—অনেক কিছুর কারণে মুদ্রাস্ফীতির সম্ভাব্য ভবিষ্যৎ ঊর্ধ্বমুখী। শীর্ষ ব্যাঙ্কের মতে, রাজ্যগুলিতে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া থেকে শুরু করে তেলের উচ্চ দাম, অন্তঃশুল্ক বৃদ্ধি এবং সর্বোপরি চলতি অর্থবর্ষের তুলনায় আসন্ন অর্থবর্ষে আর্থিক ঘাটতির পরিমাণ বৃদ্ধি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামীদিনে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে বলে অনুমান।
আরবিআই জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিনিয়োগের মাত্রা কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। হতে পারে, এর ফলে বেসরকারি বিনিয়োগ ও লগ্নিকারী সংস্থাগুলি পিছিয়ে যেতে পারে। সর্বোচ্চ ব্যাঙ্কের মতে, খাদ্যশস্যে ন্যূনতম মূল্য দেওয়ার যে কথা কেন্দ্র জানিয়েছে, তার প্রভাব মুদ্রাস্ফীতির ওপর কতটা পড়বে, তা এখনও ঠাহর করা সম্ভব নয়।
এদিন আরবিআই জানিয়েছে, চলতি অর্থবর্ষের শেষে বৃদ্ধির হার ৬.৬ শতাংশে দাঁড়াবে। আগে এই হার ৬.৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল তারা। তবে, শীর্ষ ব্যাঙ্কের আশা, আগামী অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.২ শতাংশে থাকবে।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















