Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভিডিওটি ঘিরে শুরু হয়েছে মজার আলোচনা। কেউ তাঁর চেষ্টাকে এভারেস্টে ওঠার প্রস্তুতির সঙ্গে তুলনা করছেন

কলকাতা: একদিকে নীচের দিকে নামছে এসক্যালেটর, অন্যদিকে সেই চলন্ত সিঁড়ি বেয়েই উপরে ওঠার মরিয়া চেষ্টা করছেন কয়েক জন। তাঁদের মধ্যে হলুদ কুর্তা পরা এক ব্যক্তির কাণ্ডকারখানা নজর কেড়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভিডিওটি ঘিরে শুরু হয়েছে মজার আলোচনা। কেউ তাঁর চেষ্টাকে এভারেস্টে ওঠার প্রস্তুতির সঙ্গে তুলনা করছেন, কেউ আবার চলন্ত সিঁড়িকেই ট্রেডমিলের সঙ্গে তুলনা করেছেন।
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে?
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সঞ্জয় আর হেগডে নিজের এক্স (X) হ্যান্ডলে এই ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি ব্যস্ত জনবহুল এলাকায় এসক্যালেটর নীচের দিকে নামছে। কিন্তু কয়েক জন যাত্রী সেই সিঁড়ি দিয়েই উল্টোদিকে, অর্থাৎ উপরের দিকে ওঠার চেষ্টা করছেন।
চলন্ত সিঁড়ির গতির বিপরীতে ওঠা যে কতটা কঠিন, তা তাঁদের দেখেই বোঝা যাচ্ছে। এক ধাপ এগোতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। কেউ ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছেন, আবার কেউ সেই চেষ্টা ছেড়ে নীচের দিকে নেমে যাচ্ছেন।
তবে সকলের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন হালকা হলুদ কুর্তা পরা এক ব্যক্তি। শরীর সামনের দিকে ঝুঁকিয়ে, ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে করতে তিনি উপরে ওঠার চেষ্টা চালিয়ে যান। তাঁর এই একরোখা মনোভাবই ভিডিওটিকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
নেটপাড়ায় মজার মন্তব্যের বন্যা
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা রকম প্রতিক্রিয়া। হলুদ কুর্তা পরা ব্যক্তির চেষ্টা দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, যেন তিনি মাউন্ট এভারেস্টে ওঠার অনুশীলন করছেন! অন্য এক জনের মন্তব্য, রেলস্টেশনে যেন নিজেরাই ট্রেডমিল তৈরি করে নিয়েছেন যাত্রীরা।
আবার এক নেটিজেন নিজের পুরনো অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন। তাঁর দাবি, প্রায় ২০ বছর আগে, যখন তাঁর বয়স ১৮ বছর, তখন তিনিও এমনই একটি চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত উপরে উঠতে সফল হলেও, এখন বুঝতে পারেন যে কাজটি কতটা বোকামির ছিল।
সব মিলিয়ে, চলন্ত সিঁড়ির উল্টোদিকে ওঠার এই চেষ্টা নেটপাড়ায় বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে।























