FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Sergio Busquets: বার্সার জার্সি গায়ে ৩২টি ট্রফি জয়ের পর বছর তিনেক আগে বার্সালোনা ছেড়েছিলেন বুস্কেতস। যোগ দিয়েছিলেন ইন্টার মায়ামিতে।

বার্সেলোনা: বিশ্বের সর্বকালের সেরা মিডফিল্ডারদের প্রসঙ্গ উঠলে তাঁর নাম উঠে আসতে বাধ্য। বিশ্বকাপ, উয়েফা ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, তিনি সব জিতেছেন। সেই সার্জিও বুস্কেতস তিন বছর ফের একবার কাতালুনিয়ায় ফিরলেন। বার্সার তরফে তাঁর কামব্য়াকের কথা এক সরকারি বিবৃতির মাধ্যমে ঘোষণা করা হয়।
কাতালুনিয়ায় তাঁর জন্ম, বার্সেলোনা যুব দল থেকেই উঠে আসা এবং বিশ্বজয়। তবে বার্সার জার্সি গায়ে ৩২টি ট্রফি জয়ের পর বছর তিনেক আগে বার্সালোনা ছেড়েছিলেন বুস্কেতস। যোগ দিয়েছিলেন ইন্টার মায়ামিতে। নিজের প্রাক্তন সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ়দের পাশে খেলেছিলেন আড়াই বছর। তবে এবার পুনরায় বার্সেলোনাতে ফিরলেন বুস্কেতস। অবশ্য এবার কিন্তু তাঁকে বার্সেলোনায় ভিন্ন ভূমিকাতে দেখা যাবে। এবার ফুটবলার নয়, কোচের ভূমিকায় বার্সেলোনাতে ফিরলেন বুস্কেতস।
Sergio Busquets s’incorpora al Barça Atlètic com a tècnic assistent
— Barça Atlètic (@FCBarcelonaB) August 17, 2026
La llegenda blaugrana torna al Club i s’integra en l’equip de treball de Juliano Belletti mentre realitza el curs d’entrenador
🔗 👉🏼 https://t.co/viYfmGhp6h
💙❤️ pic.twitter.com/0m8BqhO1Ks
নিজের খেলোয়াড় জীবন শেষ করার পর কোচিং শুরু করেছেন বুস্কেতস। সেই কোচিং কেরিয়ারের একেবারে শুরুর ধাপ নিচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি। সেই প্রক্রিয়াতেই তিনি সহকারী কোচের ভূমিকায় বার্সেলোনাতে যোগ দিলেন। জুলিয়ানো বেলেতির কোচিংয়ে সহকারী কোচ হিসাবে বার্সার রিজার্ভ দলে যোগ দিলেন বুস্কেতস। বার্সেলোনার তরফে সরকারি বিবৃতিতে সেই কথা জানিয়ে লেখা হয়, 'বার্সা কিংবদন্তি জুলিয়ানো বেলেত্তির দলে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা এবং ফুটবল সম্পর্কে জ্ঞান সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের কোচিং কোর্সও করবেন।'
অপরদিকে, ফুটবলবিশ্বে হঠাৎই জামাল মুসিয়ালাকে ঘিরে হইচই।
জার্মানির ফুটবলার ক্লাব ফুটবলে খেলেন বায়ার্ন মিউনিখের (Bayern Munich) হয়ে। আর বি লাইপজ়িগের (RB Leipzig) বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্য়াচ ছিল বায়ার্নের। সেই ম্যাচ খেলার ফাঁকে মাঠেই লুটিয়ে পড়েন মুসিয়ালা। তাঁকে নিয়ে তৈরি হয় উদ্বেগ। গোল করার পরই তিনি যেভাবে মাঠে লুটিয়ে পড়েন যে, আশঙ্কায় প্রমাদ গুনতে শুরু করেছিল গোটা বিশ্ব। তবে বায়ার্ন মিউনিখ সকলকে আশ্বস্ত করল। ক্লাবের তরফ থেকে জানানো হল, উদ্বেগের কিছু নেই। মুসিয়ালা ভাল আছেন।




















