ICC Ranking: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ধারাবাহিক সাফল্য, আইসিসি ক্রমতালিকায় বিশাল উন্নতি শেফালি, রেণুকার
T20 Ranking: এদিকে রিচা ঘোষ ও শ্রী চারানিও ক্রমতালিকায় উন্নতি করেছেন। রিচা আইসিসি ক্রমতালিকায় ২০ নম্বর স্থানে উঠে এসেছেন। চতুর্থ টি-টোয়েন্টিতে তাঁর ব্য়াট থেকে এসেছে ৪০ রানের ঝকঝকে ইনিংস।

মুম্বই: টি-টোয়েন্টি ক্রমতালিকায় মহিলাদের ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় বিরাট উন্নতি করলেন শেফালি বর্মা (Shafali Verma) ও রেণুকা সিংহ ঠাকুর (Reniu)। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল একপেশে জয় ছিনিয়ে নিয়েছে একের পর এক। আর দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে শেফালি আর বল হাতে নজর কেড়েছেন রেণুকা।
মহিলাদের ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ব্যাটারদের তালিকায় চারধাপ এগিয়ে এসেছেন শেফালি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টানা দুটো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ওপেনার। যার ফলে এই মুহূর্তে ক্রমতালিকায় ছয় নম্বরে রয়েছেন তিনি। অন্যদিকে বোলারদের ক্রমতালিকায় সাত নম্বর স্থানে শেষ করেছেন রেণুকা। তৃতীয় টি-টোয়েন্টিতে অরুন্ধতী রায়ের পরিবর্তে খেলতে নেমেছিলেন রেণুকা। আর ম্যাচের সেরা স্পেলটি তাঁর হাত থেকেই আসে। নিজের চার ওভারের স্পেলে ২১ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন রেণুকা। ম্য়াচে ভারত ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।
উল্লেখ্য, এই প্রতিবেদন লেখার সময় ভারত ও শ্রীলঙ্কা পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচও চলছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে আউট হয়ে গিয়েছিলেন শেফালি। দ্বিতীয় টি-টোয়েন্টিতেই অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন এরপর। ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। তৃতীয় টি-টোয়েন্টিতেও শেফালির ব্যাট থেকে আসে অপরাজিত ৭৯ রানের ইনিংস। সেই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত করে ভারত।



















