IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
India vs Sri Lanka: ভারতের হয়ে টপ অর্ডারের তিন ব্যাটারই গলে ৩০-র অধিক রান করেন।

গল: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। নেতার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন ভারতীয় টপ অর্ডার ব্যাটাররা। গলে প্রথম সেশনেই বেশ ভাল গতিতে শতাধিক রান তুলে ফেলল টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল দুর্ভাগ্যবশত রান আউট হলেও, তাঁর ওপেনিং পার্টনার কেএল রাহুল (KL Rahul) ও আরেক কর্ণাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল দ্বিতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ভারতের ইনিংস সামলে নিয়েছেন।
রাহুল প্রথম সেশনের শেষে ৩২ রানে অপরাজিত রয়েছেন। পাড়িক্কাল তুলনামূলক অনেকটাই দ্রুত গতিতে ৭০-র অধিক স্ট্রাইক রেটে অপরাজিত ৩৫ রান করেন।
আরও পড়ুন:- ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
এদিন শুরুটা ভারতের দুই ওপেনার যশস্বী ও কেএল রাহুল বেশ ভালভাবেই করেছিলেন। কেএল রাহুল দেখেশুনে ব্য়াটিং করছিলেন, আর যশস্বী নিজের স্বভাবচিত ভঙ্গিমায়, আগ্রাসী ব্যাটিংয়েই দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বাঁ-হাতি ওপেনারের স্ট্রোক প্লে ছিল চোখে পড়ার মতো। তবে এক মুহূর্তের ভুল বোঝাবুঝিতেই সবটা বদলে যায়। কেএল রাহুল ও যশস্বী উভয়েই ক্রিজের একদিকে ঢোকার চেষ্টা করেন। শেষমেশ আম্পায়ার দেখেন রাহুলই আগে ক্রিজে প্রবেশ করেছেন, তাই যশস্বীকে আউট দেওয়া হয়।
৩২ রানে ভারতীয় ওপেনার ফেরার পর রাহুলকে সঙ্গ দিতে নামেন দেবদত্ত পাড়িক্কাল। তিনিও দৃষ্টিনন্দন বেশ কয়েকটি শট খেলে দলের স্কোর এগিয়ে নিয়ে যান। অপরপ্রান্তে একাগ্রতার প্রতীক হয়ে উঠা রাহুল একেবারে শান্ত মেজাজে বল দেখেশুনে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান। লাঞ্চে দুইজনেই অর্ধশতরানের দোরগোড়ায় রয়েছেন।
তবে দ্বিতীয় সেশনে লাঞ্চের আপাতত খেলা শুরু হয়নি। গোটা ম্যাচ জুড়েই বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই বৃষ্টির জেরেই স্থগিত রয়েছে খেলা। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী শনিবার গলে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় ৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে থাকলেও, বাতাসে আর্দ্রতার জেরে সকলেরই আসল তাপমাত্রার তুলনায় অনেক বেশি গরম অনুভূত হতে পারে। উদ্বেগের বিষয় শুধু আজ নয়, ম্যাচের বাকি চারদিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারে ৭৪ শতাংশ, সোমবারে ৮১ শতাংশ, মঙ্গলবারে ৫৬ শতাংশ এবং বুধবারে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ম্যাচে প্রায় প্রতিদিনই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। তাই ক্রিকেটপ্রেমীরা বেশ উদ্বিগ্ন।




















