Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
WTC Points Table: গত বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করার পর ভারত এবারের ফাইনালে পৌঁছতে মরিয়া। তারা আপাতত তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

গল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিরিজ়ে খেলতে নামছে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। টেস্টের বেস্ট হওয়ার খেতাবি লড়াইয়ে পৌঁছতে হলে দুই দলকেই এখনও অনেকটা কাজ করতে হবে। আপাতত দুই দলই টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তবে ফাইনালে পৌঁছনোটা তাঁদের জন্য কঠিন হলেও, অসম্ভব নয়।
গত বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করার পর ভারত এবারের ফাইনালে পৌঁছতে মরিয়া। শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দলের উপর প্রবল প্রত্যাশার চাপ রয়েছে। ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে এবার মুখ খুললেন দলের অধিনায়ক গিল। তাঁকে বলতে শোনা যায়, 'টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটাই প্রধান লক্ষ্য। ফাইনালে পৌঁছনোর আমাদের কাছে ভাল সুযোগ রয়েছে। আমাদের নয়টি ম্যাচ বাকি, যার মধ্যে সাতটি মতো জিততে হবে। আমরা যদি এই সিরিজ় জিততে পারি এবং সঠিক ধারাবাহিকতা ও ছন্দ ধরে রাখতে পারি, তাহলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর জন্য মজবুত জায়গায় চলে আসব।'
আরও পড়ুন:- ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
আপাতত ম্যাচপ্রতি ভারতের পয়েন্ট ৪৮.১৫%। এই পয়েন্টের নিরিখেই কোন দল ফাইনালে পৌঁছবে, তা নির্ধারিত হয়। সেই অনুযায়ী ভারতীয় দল আপাতত বাংলাদেশেরও পিছনে, পাঁচ নম্বরে রয়েছে তালিকায়। ভারতের পরে ৪১.৬৭% পয়েন্ট ছয়ে রয়েছে শ্রীলঙ্কা। তাই দুই দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখতে এই সিরিজ় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
A landmark Test match awaits in Galle 🏏#TeamIndia is all set to play their 6⃣0⃣0⃣th Test in Men's Cricket 👌👌
— BCCI (@BCCI) August 14, 2026
Hear what this special occasion means for them 👌👌
WATCH 🎥🔽 #SLvINDhttps://t.co/icGc1Zv8q6 pic.twitter.com/WeEdogyOzG
ভারতীয় দল যদি এই সিরিজ়ে ১-০ বা ২-০ ব্যবধানে জয় পায়, তাহলে ভারতীয় দল কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় খানিকটা এগিয়ে যেতে পারে। আপাতত ভারতের আগে তালিকায় বাংলাদেশ রয়েছে। তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে খেলতে নামবে। সেই সিরিজ় নিঃসন্দেহেই বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। তাই ভারত যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতে, তাহলে টিম ইন্ডিয়ার সামনে কিন্তু পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে।




















