NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
WTC 2027:বর্তমানে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে।

ওয়েলিংটন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে জায়গা করতে হলে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ় (NZ vs IND) জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে এক বড় ধাপ নিল ভারত। বেসিন রিজার্ভে প্রথম ইনিংসে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। এই ইনিংসের সুবাদেই এক নয়, জোড়া বিশ্বরেকর্ডও গড়ল ভারত (Indian Cricket Team)।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চার দিনের লড়াই শেষে ম্যাচের রাশ আপাতত ভারতের হাতেই। সৌজন্যে প্রথম ইনিংসে ভারতের দুর্দান্ত ব্যাটিং। ভারতের হয়ে এই ইনিংসে শুভমন গিল, দেবদত্ত পাড়িক্কল, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল, মোট চারজন অর্ধশতরান হাঁকান। সেঞ্চুরি আসে ঋষভ পন্থ ও কেএল রাহুলের ব্যাট থেকে। এই ছয় ব্যাটারের দৌলতেই মূলত নয় উইকেটের বিনিময়ে প্রথম ইনিংসে মোট ৭২০ রান তোলে ভারতীয় দল। এটাই নিউজ়িল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে কোনও দলের সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস।
এদিন অংশুল কম্বোজ এবং ঋষভ পন্থ ভারতের হয়ে দিনের শুরুটা করেন। কম্বোজ নাইট ওয়াচম্যান হিসাবে গতকাল মাঠে নামলেও, তিনি ব্যাট হাতে যে যথেষ্ট সাবলীল, তা আজ সকালে নিজের স্ট্রোক প্লেতে প্রমাণ করেন। দ্রুত গতিতে কেরিয়ারের প্রথম অর্ধশতরানের পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে ৩৮ রানে তাঁর ইনিংস থামান গ্লেন ফিলিপ্স। কিন্তু পন্থ নিজের ইনিংস চালিয়ে যান। পরপর বলে ছক্কা, চার মেরে নিজের শতরান পূরণ করেন। প্রথম ভারতীয় কিপার ব্যাটার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরির ইতিহাস গড়েন তিনি।
পন্থকে যোগ্য সঙ্গ দেন জুরেল। দুইজনে মিলে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। তবে লাঞ্চের আগে ইনিংসের শেষ বলে পন্থ ১২৮ রানের ইনিংস খেলে আউট হন। প্রথম সেশনে পাঁচের অধিক রান প্রতি ওভারে প্রায় ১৫০ রান যোগ করে ভারত। এরপরে দ্বিতীয় সেশনেও সেই রান রেট ধরে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জুরেল। মাত্র ৬১ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। সুন্দরের সঙ্গে মিলে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন। ভারতই কিন্তু প্রথম দল হিসাবে টেস্টের ইতিহাসে প্রথম সাত উইকেটের প্রতিটিতে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে। এই রেকর্ড আর কোনও দলের নেই।
জবাবে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কিউয়িদের স্কোর দুই উইকেটে ১১৯ রান। ভারত এখনও ২৩৩ রানে এগিয়ে রয়েছে।




















