আনন্দ লাইভ: শুভেন্দুর প্রচার ঘিরে কাঁথিতে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুপ্রকাশ গিরিকে 'মারধর'!। Bangla News
শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি। কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে, সুপার মার্কেটের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল-বিজেপি বচসা। শুভেন্দুর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশে কটূক্তি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধরের অভিযোগ মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির। তিনি কাঁথি থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন। এর পরই ১১ নম্বর ওয়ার্ডে ভাঙচুর হয় বিজেপির পার্টি অফিস।
কাঁথিতে ফের শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে উত্তেজনা। আজ ৬ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় বিরোধী দলনেতাকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান তোলেন বিজেপি কর্মীরাও। দু’পক্ষের মাঝে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেই থাকছেন। শুক্রবার জাতীয় কর্মসমিতির বৈঠকে পদাধিকার বণ্টন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গুরুত্ব বেড়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যর। বৈঠকে নবীনদের পাশাপাশি প্রবীণদের গুরুত্ব বোঝাতে গিয়ে, তৃণমূলনেত্রী বলেন, ওল্ড ইস গোল্ড।
বিধাননগর পুরসভার মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। চেয়ারম্যান সব্যসাচী দত্ত। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ঘোষণা করল তৃণমূল নেতৃত্ব।
২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন আগে অবধি বিধাননগরের মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। তখন চেয়ারপার্সন ছিলেন কৃষ্ণা চক্রবর্তী।
আসানসোলের মেয়র হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক বিধান উপাধ্যায়। সঙ্গে ২ জন ডেপুটি মেয়র থাকবেন আসানসোলে। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবার পুরভোটে লড়েননি। তাই তাঁকে আসানসোল পুরসভার কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে।
চন্দননগরের মেয়র হলেন রাম চক্রবর্তী। এই নিয়ে তৃতীয়বারের জন্য মেয়র হলেন তিনি। এবারের পুরভোটে জয়ী হয়েছেন নিজের পুরনো ৩০ নম্বর ওয়ার্ড থেকেই।
আলিপুরদুয়ারে পুরভোটের প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। স্থানীয় বিধায়কের দেখাই মেলে না বলে দাবি প্রবীণ ভোটারের। সরকারি কাজে বা অনুষ্ঠানে ডাকা হয় না...তাই পুর নাগরিকদের কাছে পৌঁছতে পারিনি। অস্বস্তি ঢাকতে সাফাই বিধায়কের। এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
পুরভোটেও টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। এবার এই অভিযোগ তুললেন, পুরাতন মালদার এক বিক্ষুব্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থী। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে গেরুয়া শিবির। ওই পুরসভার মোট চারটি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা।
রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরের সহায়তা ক্যাম্পে তৃণমূলের পতাকা! তা নিয়ে বিতর্ক শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে। খবর পেয়ে দ্রুত শিবিরে পৌঁছে দলীয় পতাকা খোলার নির্দেশ দেন মহকুমাশাসক। ঘটনাকে কেন্দ্র করে তরজায় জড়িয়েছে সিপিএম ও তৃণমূল।





















