Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁদের নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, উপযুক্ত উপভোক্তারা নথি যাচাই সম্পূর্ণ হলেই টাকা পেয়ে যাবেন।

কলকাতা : অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ফের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, কোনওরকম অনিয়ম যাতে না হয়, সে জন্য আবেদনপত্রে ‘অনেক ঝাড়াই-বাছাই’ করা হচ্ছে। যাচাইয়ের পর যাঁরা যোগ্য, শুধুমাত্র তাঁরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী বললেন, ‘অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্যরাই পাবেন।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা এখনও টাকা পাননি, কিন্তু প্রকল্পের জন্য উপযুক্ত, তাঁরা কালকের মধ্যে পেয়ে যাবেন। যাঁরা যোগ্য, অথচ আবেদন করেও টাকা পাননি, তাঁদের জন্য একটি পোর্টাল খুলছে সরকার। সেখানে অভিযোগ জানানো যাবে।
এদিন অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত কতজন মহিলা টাকা পেয়েছেন, তারও হিসাব দেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লক্ষে। মুখ্যমন্ত্রী বললেন , যোগ্য উপভোক্তাদের বেছে নিয়ে স্বচ্ছতার সঙ্গে সরাসরি তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘‘অনেক ঝাড়াই-বাছাই করে ফর্ম বের করে যোগ্যদের টাকা দিচ্ছি। ... যারা এখনও টাকা পাননি, উপযুক্তরা কালকের মধ্যে পেয়ে যাবেন’ মুখ্যমন্ত্রী জানান, '৩৬ হাজার কোটি টাকা বাজেটে ছিল, এটা আমাদের প্রতিশ্রুতি। ৪৮ হাজার কোটি টাকা আমাদের এই খাতে খরচ করতে হবে'।
উত্তর কলকাতায় 'অন্নপূর্ণা যোজনা বাহিনী' তৈরির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এই ৭৬ হাজার ৮১৭ জন যাঁরা ইতিমধ্যে উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন। সংগঠনের মতো। যাতে আগামী দিনে মহিলার অধিকার, মা-বোনেদের পাশে দাঁড়াতে পারেন এবং টুকরে টুকরে গ্যাং, যারা দেশের মধ্য়ে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম, জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা, মা মাতঙ্গিনী হাজরার মতো আপনারা আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। '
যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁদের নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, উপযুক্ত উপভোক্তারা নথি যাচাই সম্পূর্ণ হলেই টাকা পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কিছুদিন আগে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । এরপর কি আরও কিছু ছাড় দেওয়া হতে পারে? বলবে সময়।






















