Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Tathagato Roy On Saayoni Ghosh Kakoli Ghosh Dastidar : সায়নীকে নিয়ে বিস্ফোরক তথাগত রায় , NCPI সাংসদদের সরাসরি আক্রমণ করে কী বললেন বিজেপি নেতা ?

বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, কলকাতা: সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করছেন। NDA-র বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে এক সারিতে বসছেন। একদিকে যখন ক্ষোভের সুর। অন্যদিকে, তখন আরও কাছাকাছি আসার ছবি। এক অত্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে বঙ্গ-রাজনীতি। আগামীদিনে কী হবে? NCPI-তে যোগ দেওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কি বিজেপির সঙ্গে মিশে যাবেন? এ নিয়ে যখন তুমুল জল্পনা চলছে, তখন একের পর এক তাৎপর্যপূর্ণ ছবি এবং মন্তব্য উঠে এল দিল্লি থেকে। অন্যদিকে, NCPI সাংসদদের সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
আরও পড়ুন, “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
গত মঙ্গলবারের পর, এদিনও NDA-এর 'মঙ্গল মিলন' বৈঠকে যোগ দিলেন NCPI-এর ১৬ সাংসদ। কাকলি ঘোষ দস্তিদারের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একেবারে প্রথম সারিতে জায়গা পেলেন NCPI-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় সারিতে বসে ছিলেন NCPI-এর আরেক সাংসদ শতাব্দী রায়। সকালে প্রধানমন্ত্রী, তো দুপুরে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হল NCPI সাংসদদের। বঙ্গভবনে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলল বৈঠক। তারপর উচ্ছ্বসিত শোনাল অনেককেই। দিল্লিতে যখন এই জোড়া বৈঠকের পর NCPI সাংসদদের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর চোখে পড়েছে, কলকাতায় তখন বিজেপির অন্দরে যে 'অল ইজ নট ওয়েল' সেটা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন অনেকেই।
বিজেপি নেতা তথাগত রায় বলেন, ‘তৃণমূলের মতাদর্শ একমাত্র ছিল টাকা পয়সা খাবলানোর। সে টাকা পয়সা খাবলানোর এখন সুযোগ চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে তাঁরা এখন NCPI-তে ঢুকেছেন, NCPI-তে ঢুকে বিজেপিতে ঢোকবার চেষ্টা করছেন। একেবারে নেহাতই স্বার্থে। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায়, ততই ভাল। তিনি আরও বলেন, আদর্শগত দিক থেকে তো এদের সঙ্গে বিজেপির কোনও নৈকট্য থাকতে পারে না। এখন সেটার সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব অন্যভাবে কী বাধ্যবাধকতা দেখবেন, কী সিদ্ধান্ত নেবেন, সেটা আমি জানি না। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে, যতদিন এদের বাইরে রাখা যায়, ততই ভাল।'
লোকসভায় NCPI-এর মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার এবং আরেক সাংসদ সায়নী ঘোষকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা তথাগত রায়। বিজেপি নেতা তথাগত রায় বলেন, সায়নী ঘোষ, তাঁর নামে আমি কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় একটা নালিশ করেছিলাম। সেই নালিশের কী গতি হয়েছে আমি জানি না। কিন্তু তারপরেই দেখলাম সায়নী ঘোষ MP হয়ে গেল। আমাদের দল থেকে নিশ্চয়ই নয়। তৃণমূল থেকে হয়েছিল। কাকলি ঘোষ দস্তিদার খুব ভাল রান্না করেন আমি বলতে পারি।'






















