Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
100 Days Of BJP Government: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, "আগামিকাল সরকারের ১০০ দিন পূরণ হবে। পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পুরুলিয়ার মানবাজার থেকে কালই বিস্তারিত বক্তব্য রাখব।"

কলকাতা: ১৭ অগস্ট ১০০ দিনে পা দেবে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। তার ঠিক আগের দিন অর্থাৎ ১৬ অগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী জানালেন ১৭ অগস্ট তিনি যাবেন মানবাজারে। সেখান থেকে নিজের বক্তব্যও রাখবেন।
আরও পড়ুন: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, "আগামিকাল পশ্চিমবঙ্গ সরকারের ১০০ দিন পূরণ হবে। পুরুলিয়ায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পুরুলিয়ার মানবাজার থেকে কালই বিস্তারিত বক্তব্য রাখব। কালকেই তাঁরা জানবেন।"
অন্যদিকে ১৭ অগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন পশ্চিমবঙ্গের মানুষ। এই বিষয়ে আগেই তিনি ঘোষণা করেছিলেন। গত ১২ অগস্ট একটি সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "ভেরিফিকেশনে যাঁরা যোগ্য, তাঁদের টাকা ১৭ তারিখ থেকে দেওয়া হবে। এর পরও একটা অভিযোগ পোর্টাল রাখব আমরা। যেখানে যে কেউ আগামীতে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে।"
সেই একই সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মিলবে টাকা। তিনি বলেছিলেন, "আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি। যে কাজ আগামিকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্যে দিয়ে ইতিমধ্যে যাঁরা ভেরিফায়েড হয়েছেন, সেই সংখ্যাটা গত মাসের থেকে অনেক বেশি। অর্থ দফতর ১৭ তারিখ থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে থাকবে। যাঁরা ভেরিফায়েড হলেন তাঁরা মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন।"
১৬ অগস্ট আয়ুষ্মান ভারত প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অধিকাংশ মানুষ ইতিমধ্যেই এসে গিয়েছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে। আর যাঁরা বিভিন্ন কারণে সেই যোগ্যতামান উতরাতে পারেননি, তাঁদের জন্য রয়েছে অন্য ব্যবস্থা। তিনি জানিয়েছেন তাঁদের জন্য বিশেষ 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা'র ব্যবস্থাও করা হয়েছে।























