Hooghly: ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার! শেওড়াফুলি-আরামবাগ শাখায় বাড়বে রেল-গতি
Eastern Railway:শেওড়াফুলি-আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। এবার যাত্রীদের সুবিধার জন্য সেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: গতি বাড়বে ট্রেনের, বাড়বে যাতায়াতের সুবিধা। শেওড়াফুলি-আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ বৃদ্ধির জন্য যে কাজ হচ্ছিল তার ফাইনাল ট্রায়াল রান সম্পন্ন হল আজ বুধবার। রেল সূত্রের খবর, শেওড়াফুলি-আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। ১৫টি স্টেশন পেরোতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। এবার যাত্রীদের সুবিধার জন্য সেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।
আজ বুধবার, যাত্রী ছাড়া সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হল। তারকেশ্বর থেকে দুপুর ২টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনের দিকে রওনা দেয়। গন্তব্যে পৌঁছয় ২টা বেজে ২৭ মিনিটে। মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেনটি। রেল সূত্রে খবর ওই ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। আজকের ট্রায়াল রানে কোনওরকম অসুবিধা হয়নি বলে জানা গিয়েছে।
শেওড়াফুলি স্টেশনের ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন, 'ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে। অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। বর্তমানে ৮০ কিমি প্রতি ঘণ্টা বেগে ট্রেন চলে, সেই গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। সেই পরীক্ষাই করা হয় আজ। পরীক্ষা সফল হয়েছে। এরপর কবে থেকে এই গতিতে ট্রেন ছুটবে তা রেলের প্রশাসনিক আধিকারিকরা ঠিক করবেন।'
আরও পড়ুন: ১ বছরে ১৫০ শতাংশ রিটার্ন দিয়েছে সরকারি সংস্থার এই স্টক, আপনার কেনা আছে ?
Before You Go
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?





















