Domjur : ডোমজুড়ে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র ! ১৫ মহিলা-সহ গ্রেফতার ৫৪
Call Centre : হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা খবর পেয়ে এই কল সেন্টারের ওপর নজরদারি চালাচ্ছিলেন

সুনীত হালদার, ডোমজুড় : কল সেন্টারের (Call Centre) আড়ালে ডোমজুড়ের (Domjur) অঙ্কুরহাটিতে প্রতারণা চক্রের হদিশ। খবর পেয়ে গতকাল রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা হানা দেয়। সেখান থেকে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা।
পুলিশ সূত্রে খবর, গত দেড় বছর ধরে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে ওয়েববেল আইটি পার্কে সরকারের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে কল সেন্টার চালাচ্ছিল একটি কোম্পানি। সেখানে দিনের চেয়ে রাতেই বেশি কাজ হত। ওই কোম্পানির কর্মীদের অন্য একটি কোম্পানির অধীনে কাজ করানো হত। কর্মীদের পরিচয়পত্র ওই নামেই ইস্যু করা হয়েছিল।
নজরদারি পুলিশ গোয়েন্দাদের-
হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা খবর পেয়ে এই কল সেন্টারের ওপর নজরদারি চালাচ্ছিলেন। এরপর গতকাল গভীর রাতে পুলিশ ওই কল সেন্টারে হানা দেয়। হাতেনাতে গ্রেফতার করা হয় ৫৪ জনকে। যাদের মধ্যে ১৫ জন মহিলা। বাজেয়াপ্ত করা হয় ৫৪টি কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি।
পুলিশ সূত্রে খবর, আমাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন কোম্পানির কেনাকাটার বিল বাকি আছে, এই সূত্র ধরে সাধারণ ক্রেতাদের প্রতারণা করা হত। এছাড়াও ব্যাঙ্কে ঋণ পাইয়ে দেওয়া অথবা নানারকম টোপ দিয়ে কাস্টমারদের এটিএম কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে নিতেন কর্মীরা। তারপর সেই টাকা দেশ বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হত। প্রাথমিক তদন্তে জানা যায়, বেশিরভাগ টাকা আমেরিকায় পাঠানো হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে প্রতারণা এবং বেআইনিভাবে কল সেন্টার চালানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় হাওড়া সিটি পুলিশের সাইবার সেল মামলা শুরু করেছে।
অন্যদিকে, বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৮ জনকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকে অনন্য চেম্বার অফিসে টেকনো প্রো সলিউশন নামের একটি ভুয়ো কল সেন্টার চালু করে বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল মারফত কল করত প্রতারকরা। এরপর তাঁদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত প্রতারকরা। সেই মারফত তাঁদের কাছ থেকে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা লেনদেন করত অভিযুক্তরা। সেই তদন্ত শুরু করে গতকাল এই অফিসে হানা দেয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকে এই সংস্থার ৮জনকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রের অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন ; বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি, প্রতারণার অভিযোগে গ্রেফতার ৮
Before You Go
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন






















