Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমতে পারে।

ক্রমে শক্তিশালী বঙ্গোপসাগরের নিম্নচাপ। সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি। জল জমেছে শহরের একাধিক জায়গায়। একাধিক রাস্তায় যানজট। পরপর দুটি নিম্নচাপের জেরে কলকাতার দুর্যোগ কমছেই না। তবে এবার বৃষ্টির দাপট কিছুটা বেশিই। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানাচ্ছেন, পরপর দু’টি গভীর নিম্নচাপ। দু’টিরই কেন্দ্র প্রায় কলকাতার উপর দিয়ে অতিক্রম করেছে। কিন্তু এই দুটি নিম্নচাপের প্রকৃতি এক নয়। তাই এই দুই নিম্নচাপের প্রভাবও আলাদারকম। প্রথম নিম্নচাপটির প্রভাবে শহরে মূলত আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। পরের নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে অতিভারী বৃষ্টি। কিন্তু দুটি নিম্নচাপের প্রভাব দুইরকম কেন ?
দুটি নিম্নচাপের প্রভাব দুইরকম কেন ?
আবহবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা পরপর দুটি নিম্নচাপের গতিপথ, কেন্দ্রের অবস্থান এবং তার সঙ্গে কলকাতার আপেক্ষিক অবস্থান, এই তিনটি বিষয় বৃষ্টির পরিমাণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুধু কোনও নিম্নচাপ কলকাতার কাছ দিয়ে গিয়েছে কি না, সেটাই বৃষ্টির একমাত্র নির্ধারক নয়। নিম্নচাপের কেন্দ্র কোথায় অবস্থান করছে, সেটাও গুরুত্বপূর্ণ। আগের নিম্নচাপটির ক্ষেত্রে কলকাতা মূলত সিস্টেমটির পূর্ব দিকে অবস্থান করেছিল। ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প সরাসরি কলকাতার দিকে ঢোকার সুযোগ তেমনভাবে পাইনি। তার ফলে শহরে বৃষ্টির পরিমাণও খুব বেশি ছিল না। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মতো কিছু এলাকায় জলীয় বাষ্পের জোগান বেশি থাকায় সেখানে তুলনামূলক ভারী বৃষ্টি হয়েছে।
এবারের পরিস্থিতি কিছুটা আলাদা। এবারের গভীর নিম্নচাপের ক্ষেত্রে কলকাতা সিস্টেমটির পশ্চিম দিকে অবস্থান করছে। এই অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে । ফলে শহরের আকাশে বৃষ্টি ঘটানোর মতো মেঘ
জমেছে। অর্থাৎ, নিম্নচাপের কেন্দ্র কলকাতার উপর দিয়ে গেলেই যে বৃষ্টি কম বা বেশি হবে, এমন কোনও নির্দিষ্ট নিয়ম নেই। সিস্টেমটির অবস্থান, গতিপথ, আর্দ্রতার জোগান এবং বায়ুপ্রবাহের চরিত্র, এই সবকিছু মিলিয়েই নির্ধারিত হয় কোনও এলাকায় কতটা বৃষ্টি হবে। এবারের নিম্নচাপের ক্ষেত্রে সেই অনুকূল পরিস্থিতিগুলি একসঙ্গে তৈরি হওয়াতেই কলকাতায় বৃষ্টির পরিমাণ এতটা বেড়েছে।
এখন প্রশ্ন, আর কতদিন চলবে এই বৃষ্টি? পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমতে পারে। তবে একেবারে বৃষ্টি থেমে যাবে না। মঙ্গলবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় অল্প সময়ের জন্য ভারী থেকে হালকা বৃষ্টি হতে পারে। বেলা গড়ালে বৃষ্টি কমতে পারে।
তবে আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বৃষ্টি বিক্ষিপ্ত হলেও দমকা হাওয়ার প্রভাব বজায় থাকতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিম ও উপকূলবর্তী জেলাগুলিতে খুব ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টি বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টা তাই সতর্ক থাকতে হবে।
তাই বোঝাই যাচ্ছে, পরপর দুটি নিম্নচাপের প্রভাবে বৃষ্টির চরিত্র একেবারেই এক নয়। নিম্নচাপের কেন্দ্রের অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবাহের তারতম্যই কলকাতা ও দক্ষিণবঙ্গে এবারের অতিভারী বৃষ্টির অন্যতম প্রধান কারণ। আপাতত মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা থাকলেও বুধবার পর্যন্ত আবহাওয়ার উপর নজর রাখতেই হবে।






















