Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Kolkata News: পালা বদলের পর গত জুলাই মাসের ১২ তারিখ বদলে দেওয়া হয়েছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং। গেরুয়া রং করা হয়েছিল সেখানে। যদিও সেই রং গতকাল বদল করে দেন নাট্যকর্মীরা।

কলকাতা: গতকালই সাদা রং করা হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে। তারপর আজ ফের রং বদল। শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ পাশে দাঁড়িয়ে, সাদা রংয়ের উপর পড়ল গেরুয়ার প্রলেপ। বিধায়কের সঙ্গে থাকা লোকজন 'জয় শ্রীরাম' ও 'বন্দে মাতরম' ধ্বনি দিতে থাকে।
পালা বদলের পর গত জুলাই মাসের ১২ তারিখ বদলে দেওয়া হয়েছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং। গেরুয়া রং করা হয়েছিল সেখানে। যদিও সেই রং গতকাল বদল করে দেন নাট্যকর্মীরা। তারপর আজ আবার সেই রং গেরুয়া করে দেওয়া হল।
এদিন সেখানে উপস্থিত বিধায়ক রুদ্রনীল ঘোষ পুরোনো একটি ছবি দেখিয়ে বলেন, "এই যে টিকিট কাউন্টারের রং স্পষ্ট গেরুয়া এবং চকোলেট। বামেরা স্পষ্ট ঠিক করেছিল কলকে পেতে বিভিন্ন জায়গায় যাবে। আর এই অ্যাকাডেমি চত্ত্বরটাকে এই যে একমাস আগেও লাল ঝাণ্ডা দিয়ে ভরিয়ে রেখেছিল। এখানের ওয়ার্কিং কমিটি ট্রাস্টি বোর্ডকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। দুর্নীতি চলছে, তা নিয়ে বামেদের কোনও অসুবিধা নেই। যে রং ছিল, সেই রংই হবে।" একই সঙ্গে তিনি নিশানা করেন বিকাশ ভট্টাচার্যকেও।
আরও পড়ুন: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
পালা বদলের পর যখন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং বদলে গেরুয়া করে দেওয়া হয়েছিল, সেই সময় রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, "যারা করছে অন্যায় করেচে, ভুল করেছে। রং বদলের রাজনীতি বিজেপির লক্ষ্য নয়। যেখানে সেখানে রং করে দেওয়া, এটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই। আপনারা চিহ্নিত করুন, ব্যবস্থা নেব।"
এরপর অনেক জল গড়িয়েছে গঙ্গা দিয়ে। নাট্যকর্মীরা চিঠি দিয়েছিলেন শমীক ভট্টাচার্যকে। বিকাশ ভট্টাচার্য বলেছিলেন, শমীক ভট্টাচার্য নাকি জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি রং ফিরিয়ে দেওয়া হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও গতকাল ১১ অগস্ট অভিযোগ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তারপরই নাট্যকর্মীরা নিজেরাই রং বদলে সাদা করে দিয়েছিলেন। তারপর আজ আবার বদলে দেওয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং।






















