Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
IAF New Post: ‘Every Click Counts. Every Share Matters’—এই বার্তার মাধ্যমে ভারতীয় বায়ুসেনা বোঝাতে চেয়েছে, সামরিক পরিকাঠামোর ছবি তোলা বা শেয়ার করার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ।

কলকাতা: সামরিক বিমানঘাঁটির ছবি বা ভিডিও তোলা এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ক্ষেত্রে দেশবাসীকে সতর্ক করল ভারতীয় বায়ুসেনা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, সামরিক বিমানঘাঁটির ছবি শত্রুপক্ষকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। আর সেই কারণেই সাধারণের কাছে সেনা বাহিনীর কোনও বিমানঘাঁটি সংক্রান্ত কোনও ছবি বা ভিডিও প্রকাশ না করার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
‘Every Click Counts. Every Share Matters’—এই বার্তার মাধ্যমে ভারতীয় বায়ুসেনা বোঝাতে চেয়েছে, সামরিক পরিকাঠামোর ছবি তোলা বা শেয়ার করার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। বায়ুসেনার পোস্ট করা পোস্টারে বলা হয়েছে, অসামরিক বিমানে যাত্রার সময় কোনও সামরিক বিমানঘাঁটির ছবি বা ভিডিও করলে গুরুত্বপূর্ণ পরিকাঠামো সম্পর্কে তথ্য প্রকাশ হয়ে যেতে পারে।
পোস্টারে রানওয়ে, বিমান রাখার শেল্টার, জ্বালানি সংরক্ষণস্থল, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, রাডারের পরিকাঠামো, গোলাবারুদ বা মিসাইল রাখার জায়গা, কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মতো পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণ ও সহায়ক এলাকার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার কথা তুলে ধরা হয়েছে। এই ধরনের তথ্য প্রকাশ শত্রুপক্ষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
বায়ুসেনা স্পষ্টভাবে জানিয়েছে, বিমান থেকে সামরিক বিমানঘাঁটির ছবি বা ভিডিও তোলা যাবে না। একইসঙ্গে কোনও প্ল্যাটফর্মে সেই ছবি বা ভিডিও শেয়ার না করার আবেদন করা হয়েছে। কোনও সন্দেহজনক ছবি বা তথ্য চোখে পড়লে তা রিপোর্ট করার কথাও বলা হয়েছে।
পোস্টারে আরও বলা হয়েছে, সামরিক বিমানঘাঁটির ছবি বা ভিডিও প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এমন কাজের জন্য ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই সাধারণ মানুষের কাছে বায়ুসেনার আবেদন, দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্ক থাকুন এবং সংবেদনশীল কোনও তথ্য নিজের অজান্তেও প্রকাশ করবেন না।
বার্তায় নাগরিকদের দায়িত্বশীল, সতর্ক এবং দেশপ্রেমী হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব প্রত্যেকের। একটি অসতর্ক ক্লিকও শত্রুপক্ষকে সুবিধা করে দিতে পারে। ‘Don’t Click. Don’t Share’—এই বার্তার মাধ্যমে ভারতীয় বায়ুসেনা দেশের আকাশসীমা ও জাতীয় নিরাপত্তা সুরক্ষায় সাধারণ মানুষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছে।






















