West Bengal Election: সেলুনে ঢুকে গালে ফোম লাগিয়ে ভোটারের দাড়ি কেটে দিলেন বিজেপি প্রার্থী! চমকে ওঠার মতো ভিডিও
BJP: ভোট বড় বালাই। ভোটারদের মন জিততে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরা।

নারায়ণগড়: ভোট বড় বালাই। ভোটারদের মন জিততে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরা। নারায়ণগড়ে সেলুনে ঢুকে গালে ফোম লাগিয়ে ভোটারের দাড়ি কেটে দিলেন বিজেপি প্রার্থী। পুরশুড়ায় প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টানলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। আবার গৃহস্থের হেঁশেলে ঢুকে শিল-নোড়া দিয়ে মশলা বাটলেন পরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। নিজে হাতে চপ ভাজলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। আবার কুমারগঞ্জে প্রচারে বেরিয়ে রাজমিস্ত্রিদের কাজে সাহায্য করলেন বিজেপি প্রার্থী।
নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। সোমবার প্রচারের ফাঁকে তিনি ঢুকে পড়েন স্থানীয় একটি সেলুনে। সেখানে তখন দাড়ি কামাতে এসেছিলেন এক সাধারণ মানুষ। বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি সেলুনে ঢুকে একেবারে গালে ফোম লাগিয়ে ওই ব্যক্তির দাড়ি কেটে দেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভোটের প্রচারে বেরিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে জনসংযোগ করছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সোমবার সকাল থেকেই বিধানসভার একাধিক এলাকায় জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে । মাদারগঞ্জ, পাইকপাড়া এবং দাশুল - এই তিনটি এলাকায় দিনভর প্রচার চালান তিনি, আর সেই প্রচারে ছিল ভিন্নতার ছোঁয়া ।
এদিন সকালে মাদারগঞ্জ এলাকায় পৌঁছে শুধুমাত্র ভোটের প্রচারেই সীমাবদ্ধ থাকেননি বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার । স্থানীয় নির্মাণ শ্রমিকদের সঙ্গে হাত লাগিয়ে কাজ করতে দেখা যায় তাঁকে । সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের জীবনযাত্রার সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করেছেন বলেই মনে করছেন অনেকেই । এরপর মোটরসাইকেলে চেপে বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালান তিনি ।
তবে শুধু মোটরসাইকেলেই নয়, গ্রামের ভেতরের সরু ও কাঁচা রাস্তাগুলিতে পৌঁছতে সাইকেলও ব্যবহার করতে দেখা যায় শুভেন্দু সরকারকে । কোথাও কোথাও আবার হেঁটেও প্রচার করেছেন তিনি, যাতে প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করা যায় । এবারে জয়ের ব্যাপারে আশাবাদী শুভেন্দু সরকার ।
নির্বাচনী দামামা বেজে গিয়েছে । সব দলই জোরকদমে প্রচার চালাচ্ছে । আর সেই প্রচারে চমক দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা । কেউ দাড়ি কামাচ্ছেন, তো কেই নির্মাণশিল্পীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করছেন ।





















