WB Assembly Election 2026: এখনও 'বিবেচনাধীন' রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি
Assembly Election 2026: নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ গোলাম রব্বানির। উল্লেখ্য, গোয়ালপোখর বিধানসভার ৬০ নম্বর পার্টের ভোটার গোলাম রব্বানি। তিনি ক্ষােভ উগড়ে দিলেন কমিশনের ওপর।

উত্তর দিনাজপুর: গতকালই প্রকাশিত হয়েছিল দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। আর সেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম নেই গোলাম রব্বানির। এখনও 'বিবেচনাধীন' রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ গোলাম রব্বানির। উল্লেখ্য, গোয়ালপোখর বিধানসভার ৬০ নম্বর পার্টের ভোটার গোলাম রব্বানি। এদিন কমিশনের ওপর ও বিজেপির ওপর ক্ষোভ প্রকাশ করে রব্বানি বলেন, ''আমি যেখানে সব ডকুমেন্টস দিয়ে দিয়েছি। নিজের পাসপোর্ট, নিজের মাধ্য়মিক, উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট, বি.এ ও এম. এ'র, বি.এডের সার্টিফিকেটও দিয়েছি। এরপর আমি চারবার নির্বাচনে নমিনেশন করেছি। তিনবার বিধায়ক আছি। গতবার ৭৪ হাজার ভোটে মানুষ আমায় জিতিয়েছিলেন। আমি এবার এমওএসে পাঁচবার থাকলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এমআইসি করেছিলেন। এরপরও যদি আমার নাম না থাকে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।''
এদিকে, শনিবারই তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে ফেলল নির্বাচন কমিশন। এমনকী কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে প্রতিদিন বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা। প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশে হাইকোর্টের অনুমতি চেয়েছে কমিশন। গতকালই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম ছিল ১২ লক্ষ ভোটারের। প্রথম ও দ্বিতীয় তালিকা মিলিয়ে নাম ছিল ২২ লক্ষ ভোটারের। উল্লেখ্য, বিবেচনাধীন থাকা TMC-র ১১ প্রার্থীর মধ্যে তালিকায় উঠল তিনজনের নাম। এখনও ঝুলে রয়েছেন ৮ জন। ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রাক্তন সাংসদ ও SUC নেতা তরুণ মণ্ডলের নামও। এনিয়ে রীতিমত তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয় সংশোধিত ভোটার তালিকা। সেখানে রাজ্যের তৃণমূলের ১১ জন প্রার্থীর নামের পাশে লেখা ছিল 'বিবেচনাধীন'। তাঁদের মধ্যে ছিল রাজ্যের বিদায়ী মন্ত্রী ও শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমের হাসনের শাসক-প্রার্থী কাজল শেখের নাম। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যায়, নাম উঠেছে তাঁদের। বিবেচনাধীন থাকা প্রার্থীদের নথি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে শুক্রবারই, তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ০৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ০৯ এপ্রিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের এমন ১১ জন প্রার্থী রয়েছেন, যাঁদের বিষয়গুলো বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।




















