China Flying Car: রানওয়ে ছাড়াই আকাশে উড়ল চিনের গাড়ি, প্রথম পরীক্ষামূলক উড়ান হল এই গাড়ির
Chinese Tech: হুনান প্রদেশের চাংশায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই এক আসনের উড়ন্ত গাড়িটি পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে। চিনের ফ্লাইং ভেহিকল প্রযুক্তির উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

নয়া দিল্লি: রানওয়ের প্রয়োজন নেই। এতে নেই প্রচলিত ডানা বা প্রপেলারেরও। উল্লম্বভাবে আকাশে ওঠা, মাঝ আকাশে ভেসে থাকা ও সেখান থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম এক অভিনব উড়ন্ত গাড়ির প্রথম পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করল চিন। হুনান প্রদেশের চাংশায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই এক আসনের উড়ন্ত গাড়িটি পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে। চিনের ফ্লাইং ভেহিকল প্রযুক্তির উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত শু ফেইহং সমাজমাধ্যম X-এ পরীক্ষামূলক উড়ানের ভিডিয়ো প্রকাশ করেন। সেখানে দেখা যায়, গাড়িটি একটি পাকা জায়গা থেকে উল্লম্বভাবে উপরে উঠছে, মাঝ আকাশে স্থির থাকছে, কিছুটা চলাচল করছে এবং পরে মসৃণভাবে অবতরণ করছে।
প্রচলিত বিমান বা হেলিকপ্টারের মতো ডানা কিংবা উন্মুক্ত প্রপেলারের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে মাল্টি-স্টেজ থ্রাস্ট-ভেক্টরিং ডাক্টেড-ফ্যান প্রযুক্তি। এই ব্যবস্থায় ঘূর্ণায়মান ব্লেডগুলি বাইরের পরিবর্তে আবদ্ধ নলের ভিতরে থাকে। সংস্থার দাবি, এই প্রযুক্তি কম উচ্চতায় উড়ানের সময় নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি কম শব্দ ও তুলনামূলক কম শক্তি খরচের সুবিধাও রয়েছে।
A China-made wingless flying car has completed its maiden flight in Changsha. 🚙 Weighing 280 kg at takeoff and carrying a 120 kg payload, it lifts off without a runway. The enclosed fan design hides the blades inside, making city flights safer. ✨ #FlyingCar #FutureTech #ChinaInnovation
— Xu Feihong (@China_Amb_India) November 23, 2026
প্রোটোটাইপটির সর্বোচ্চ টেক-অফ ওজন ২৮০ কেজি। এটি সর্বোচ্চ ১২০ কেজি পর্যন্ত বহন করতে পারে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ৩০০ কিলোমিটার উড়তে পারে এই গাড়িটি। নকশা অনুযায়ী সব চেয়ে বেশি ৩ হাজার মিটার পর্যন্ত উড়তে পারে এই গাড়ি। তবে এই গাড়িটিকে সাধারণত প্রায় ১০০ মিটার উচ্চতায় চালানোর পরিকল্পনা রয়েছে। অবতরণের পর এটি সড়কপথেও চলতে পারে।
প্রাথমিকভাবে অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার এবং দুর্যোগ মোকাবিলায় এই গাড়িটি ব্যবহারের কথা ভাবছে সংস্থাটি। ভূমিকম্প, বন্যা বা ভূমিধসে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেলে উদ্ধারকর্মীরা গাড়িটি চালিয়ে কোনও জায়গায় পৌঁছে সেখান থেকে উড়ে দুর্গত এলাকায় যেতে পারবেন। পাশাপাশি পণ্য সরবরাহ ও স্বল্প দূরত্বে যাত্রী পরিবহণেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সংস্থাটি ভবিষ্যতে ১৫ জন যাত্রী বহনে সক্ষম বড় সংস্করণ তৈরির পরিকল্পনাও করছে।
Before You Go
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন






















