CNG Price : ভাড়া বাড়বে টোটো, অটোর? এক ঝটকায় দিল্লিতে বাড়ল CNG - র দাম ! কলকাতায় কত?
নতুন দাম কার্যকর হওয়ার পর দিল্লিতে অটো, ট্যাক্সি, বাস এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের জ্বালানি খরচ কিছুটা বাড়বে বৈকি।

নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে বেড়েছে তরল প্রাকৃতিক গ্যাস (LNG)-এর দাম । তার জের এবার পরোক্ষভাবে পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। রাজধানী দিল্লিতে CNG-র দাম বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)। প্রতি কেজি CNG- র দাম ₹৩.৮৯ বাড়িয়ে করা হল ₹৮৬.৯৮ । অর্থাৎ এর সরাসরি প্রভাব পড়বে টোটো, অটো বা সিএনজি-তে চলা গাড়িগুলির উপর। কলকাতায় সিএনজি- র বর্তমান মূল্য প্রতি কেজি ৯৯.৫০ টাকা । অর্থাৎ দিল্লির বর্ধিত মূল্যের থেকেও অনেকটাই বেশি। নতুন দাম কার্যকর হওয়ার পর দিল্লিতে অটো, ট্যাক্সি, বাস এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের জ্বালানি খরচ কিছুটা বাড়বে বৈকি।
কেন বাড়ল CNG-এর দাম?
IGL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে LNG-এর দাম বেড়েছে যথেষ্ট। এর ফলে CNG র দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। সংস্থার দাবি, কাঁচামালের বাড়তি খরচের প্রভাব আংশিকভাবে সামাল দেওয়ার পাশাপাশি CNG সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে এই মূল্যবৃদ্ধি প্রয়োজনীয় হয়ে পড়েছিল।
বিশেষ করে CNG-এর চাহিদা দ্রুত বাড়ায় সরবরাহ ব্যবস্থার ওপরও চাপ তৈরি হয়েছে।হালে পরিবহণ ক্ষেত্রে CNG- র ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া পশ্চিম এশিয়ার সংকটের প্রভাবও একটা কারণ বটে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণ ঘিরে অনিশ্চয়তা রয়েছেই। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে LNG-সহ বিভিন্ন জ্বালানির আন্তর্জাতিক সরবরাহ এবং দামের ওপর তার প্রভাব পড়তে পারে।
IGL-এর দাবি, সংকট শুরুর আগের দামের সঙ্গে তুলনা টানলে, বিশ্ববাজারে LNG-এর দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এদিকে আবার ইউরোপে আসন্ন শীতের আগে প্রাকৃতিক গ্যাসের মজুত বাড়ানোর চাহিদাও আন্তর্জাতিক বাজারে চাপ বাড়াচ্ছে। সর্বোপরি আন্তর্জাতিক বাজারে LNG- র দাম বেড়ে যাওয়ায় CNG সরবরাহের সামগ্রিক খরচও বেড়েছে। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে LNG-এর মূল্যবৃদ্ধি এবং দেশের অভ্যন্তরে CNG-এর বাড়তে থাকা চাহিদা, এই দুইয়ের মিলিত প্রভাবেই এই মূল্যবৃদ্ধি হয়েছে।
CNG-এর দাম প্রতি কেজিতে ₹৩.৮৯ বাড়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে অটো ও ট্যাক্সিচালক, CNG-চালিত বাণিজ্যিক গাড়ি এবং দৈনন্দিন যাতায়াতে CNG ব্যবহারকারী ব্যক্তিগত গাড়ির মালিকদের ওপর। তা সামাল দিতে তারা আবার ভাড়া বাড়ালে সরাসরি ভুগবেন যাত্রীরা।
এই মুহূর্তে দিল্লি-NCR-এর CNG গ্রাহকদের জন্য নতুন দাম ₹৮৬.৯৮ প্রতি কেজি। IGL-এর মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির তুলনায় এই মূল্যবৃদ্ধি তেমন কিছু নয় !
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ























