Yuva Sathi: 'যুবসাথী যাদের বাকি আছে...' ! কবে পাবেন টাকা ? বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: 'যুবসাথী যাদের বাকি আছে...' ! কবে পাবেন টাকা ? পাণ্ডবেশ্বরের জনসভা থেকে সবটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

পাণ্ডবেশ্বর: একদিকে জনসংযোগ, অন্যদিকে জনসভা। বাংলার ভোটের ময়দান একেবারে জমে উঠেছে। আজ পাণ্ডবেশ্বরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। যাদের এখনও যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তারা কবে পাবেন, সবটাই জানালেন তিনি।
যুবসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, '' যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন।'' সুতরাং, যারা এখনও যুবসাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন, তাঁদের কোনও চিন্তা নেই। সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন সবাইকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনও আটকে আছে, তাদের প্রসেস চলছে। তারা ঠিক সময়ে টাকা পেয়ে যাবেন।
উল্লেখ্য, এর আগে ইস্তাহার প্রকাশ করার সময়ও এই যুবসাথী নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এই বেকার ভাতা, অর্থাৎ যুবসাথী কেন দেওয়া হচ্ছে? কতদিন দেওয়া হবে? এই বিষয়ে সমস্তকিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। তিনি ইস্তাহার প্রকাশের দিন জানান, '' আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুব সাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় এক কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।''
আবার স্কলারশিপ পেলে যবসাথী কেউ পাবেন কিনা সে বিষয়েও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তাহার প্রকাশ করার সময় জানান, ''যারা স্কলারশিপ পায় পাক, কোনও অসুবিধা নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনও সম্পর্ক নেই। কারণ আমাদের অনেক স্কলারশিপ সহ ১০০ টার বেশি সামাজিক প্রকল্প আছে, সেটা পাবেই। তবে যুব সাথীর টাকা পাবে সকলে।''
এছাড়াও, আজ পাণ্ডবেশ্বরে জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও জানিয়ে দেন, লক্ষীরভাণ্ডার আজীবন দেওয়া হবে।এই প্রকল্পের টাকা বন্ধ হবে না। ২৫ বছর বয়স থেকে মহিলারা আজীবন এই টাকা পাবেন। উল্লেখ্য, তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেটে ৫০০ টাকা বেড়েছিল এই প্রকল্পে। এর ফলে সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি-রা মাসে পাবেন ১৭০০ টাকা করে।





















