Diwali Rocket Ban : দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
দীপাবলিতে মুম্বইয়ে ১৪২টি অগ্নিকাণ্ডের ঘটনা, ১৩৭টির নেপথ্যে আতসবাজি। নিরাপত্তার কারণে ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ করল প্রশাসন।কোথায় কোথায় কার্যকর হবে নিষেধাজ্ঞা?

শহরজুড়ে শব্দবাজির দাপট , সেই সঙ্গে ত্রাস হয়েছে হাউই, রকেট, উড়ন তুবড়ির মতো আতসবাজি। একের পর এক দুর্ঘটনা ঘটেছে শহরজুড়ে। দীপাবলির আনন্দ মাটি করেছে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা। তার জেরেই এবার বড় সিদ্ধান্ত নিল মুম্বই প্রশাসন। শহরজুড়ে রকেট এবং আকাশে ওড়ে এমন সব বাজি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। মুম্বইয়ের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ। প্রশাসনিক সূত্রে খবর, ৮ নভেম্বর, রবিবার ছোট-দীপাবলির দিন মুম্বইয়ে মোট ১৪২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩৭টি অগ্নিকাণ্ডের পিছনেই কারণ ছিল আতসবাজি। এই ঘটনায় দু'জন মহিলা আহত হয়েছেন। পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ে প্রশাসনের। এরপরই রকেট এবং অন্যান্য আকাশে ওড়া বাজি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোথায় কোথায় কার্যকর হবে নিষেধাজ্ঞা?
মুম্বইয়ের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা BMC-র আওতাধীন সমস্ত এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুধু রাস্তাঘাট বা জনবহুল এলাকা নয়, ব্যক্তিগত পরিসরেও এই নির্দেশ মানতে হবে। আবাসন, বহুতলের ছাদ, বারান্দা, খোলা জায়গা, উঠোন, পার্কিং এলাকা এবং বস্তি অঞ্চলেও রকেট ও আকাশে ওড়ে এমন বাজি ফাটানো যাবে না। ৯ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তা বহাল থাকবে।
প্রশাসনিক অধিকর্তাদের মতে, কেট বা আকাশে ওড়া বাজি ফাটানোর পর তার জ্বলন্ত অবশিষ্টাংশ অনেক সময় বহুতলের ছাদ, বারান্দা, জানলা কিংবা আশপাশের দাহ্য বস্তুর উপর গিয়ে পড়ে। সেখান থেকেই বড়সড় অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হয়। মুম্বইয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরে এই ঝুঁকি আরও বেশি। সরু রাস্তা, পাশাপাশি থাকা বাড়ি, বহুতল এবং ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। এই কারণেই বিপর্যয় মোকাবিলা আইন, ২০০৫-এর বিভিন্ন ধারায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক, পুরসভার সহকারী কমিশনার এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা মূলত রকেটের মতো আকাশে ওড়া আতসবাজির ক্ষেত্রে।
এই ঘটনার আগে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে সাধারণ মানুষকে সতর্ক করেছিলেন। আবাসিক ভবনের আশপাশে কিংবা ফুটপাতে বাজি না ফাটানোর আবেদন জানিয়েছিলেন তিনি। অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরেও বাড়ির ভিতরে রকেট ঢুকে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে বাজি পোড়ানো। বেড়েছে দুর্ঘটনা।
Before You Go
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda























