এক্সপ্লোর
আইপিএল ম্যাচের সময় গোলমালের ছক, পঞ্জাবে ধৃত আইএসআই-প্রশিক্ষিত চার যুবক

চণ্ডীগড়: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-প্রশিক্ষিত চার যুবককে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের সন্ত্রাস-দমন শাখা। পঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদ ভগৎ সিংহ নগর জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এই চার যুবক মোহালিতে আইপিএল ম্যাচ চলাকালীন খলিস্তান প্রসঙ্গ উত্থাপন করার জন্য গোলমালের চক্রান্ত করেছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেয় আইএসআই। ২০২০ সালের মধ্যে খলিস্তানের বিষয়ে গণভোটের পক্ষে প্রচার শুরু করেছে আইএসআই। সেই লক্ষ্যেই পঞ্জাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য বাস ও মদের দোকানগুলিতে আগুন ধরিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়। ধৃত যুবকরা একটি মদের দোকানে আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল। তবে তার আগেই তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০ লিটার ডিজেল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। পঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ধৃত যুবকদের নাম মনবীর সিংহ, জসপ্রীত সিংহ, সুখবিন্দর সিংহ ও রণধীর। ধৃতরা জেরার মুখে জানিয়েছে, দীপ কউর ওরফে কুলবীর কউর নামে এক খলিস্তানপন্থী মহিলা ফেসবুকের মাধ্যমে তাদের সঙ্গে এক আইএসআই এজেন্টের পরিচয় করিয়ে দেন। ওই আইএসআই এজেন্টের ফেসবুকে ফতেহ সিংহ নামে একটি ভুয়ো প্রোফাইল আছে। এই আইএসআই এজেন্টই তাদের মদের দোকান, বাসে আগুন ধরিয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে বলে। মোহালিতে আইপিএল ম্যাচ চলাকালীন গ্যালারিতে খলিস্তানের পক্ষে পোস্টার তুলে ধরারও পরিকল্পনা ছিল ধৃতদের। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















