এক্সপ্লোর
যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ বদল আসছে রাজধানী, শতাব্দী এক্সপ্রেসে

নয়াদিল্লি: যাত্রীদের আরও সুবিধা দেওয়ার জন্য রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় নানা বদল আনা হচ্ছে। ক্যাটারিংয়ের জন্য ট্রলি, নম্র ও ইউনিফর্ম পরিহিত কর্মী, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার, বিনোদনের বন্দোবস্ত করা হচ্ছে। ১৫টি রাজধানী এবং ১৫টি শতাব্দী এক্সপ্রেসে এই বদল আনা হচ্ছে। মোট খরচ ধরা হয়েছে ২৫ কোটি টাকা। অক্টোবর মাস থেকেই রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে এই বদল দেখা যাবে। উৎসবের মরসুমে যাত্রীদের সুবিধা দেওয়ার জন্যই এই প্রকল্পের কাজ শুরু করেছে ভারতীয় রেল। পরিষেবা উন্নত করার জন্য যে ১৫টি রাজধানী এক্সপ্রেস বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে হাওড়া, মুম্বই, পটনা, রাঁচি, ভুবনেশ্বর রয়েছে। শতাব্দী এক্সপ্রেসের মধ্যে রয়েছে হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি, নয়াদিল্লি-চণ্ডীগড়, নয়াদিল্লি-কানপুর, আনন্দবিহার-কাঠগোদাম। এক আধিকারিক বলেছেন, যাত্রীরা দীর্ঘদিন ধরেই ক্যাটারিংয়ের অব্যবস্থা, ট্রেন ঠিক সময়ে গন্তব্যে না পৌঁছনো, অপরিচ্ছন্ন শৌচাগার সহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন। সেই কারণেই রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের নতুন ইউনিফর্মের ডিজাইন তৈরি করা হয়েছে। যাত্রীরা সিনেমা, সিরিয়াল দেখা ছাড়াও গান শুনতে পারবেন। তিন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরিষেবা উন্নত করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে।
Before You Go
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP





















