ঋণশোধ করতে ছেলেকে অপহরণের 'নাটক', গ্রেফতার ব্যক্তি

চেন্নাই: ঋণশোধ করতে নিজের ছেলের মিথ্যে অপহরণের গল্প ফেঁদে গ্রেফতার হলেন এক ব্যক্তি।
জানা গিয়েছে, চেন্নাইয়ের বাসিন্দা ৩২ বছর বয়সী পি রবিকুমার একটি ভ্রমণ-সংস্থা চালান। বুধবার, তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিন বছরের বকেয়া ঋণ পরিশোধ করার জন্য তিনি নিজের তিন বছরের ছেলের মিথ্যে অপহরণের গল্প ফাঁদেন।
খবরে প্রকাশ, মঙ্গলবার রবিকুমার নিজের স্ত্রীকে ফোন করে জানান, স্কুলে যখন তিনি ছেলেকে ছাড়তে যাচ্ছিলেন, তখন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়ে তাঁদের ছেলেকে অপহরণ করে।
স্ত্রীর কাছে রবিকুমার দাবি করেন, অপহরণকারীরা পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে। এর জন্য টাকা জোগাড় করতে তিনি স্ত্রীর কাছে তাঁর কিছু গয়না চান। পরিবারকে ওই ব্যক্তি জানান, অপহরণকারীরা তাঁকে টাকা নিয়ে একলা আসতে বলেছিল। টাকা নিয়ে তারা চলে যায়।
কিন্তু, স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। এর মধ্যেই ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন রবিকুমার। তাতেই সন্দেহ হয় পুলিশের। জেরা করতেই সব স্বীকার করেন রবি।
তিনি জানান, ছেলেকে এক বন্ধুর বাড়িতে রেখেছিলেন। পুলিশ রবিকে গ্রেফতার করে।





















