এক্সপ্লোর
দেখতে মোদীর মতো, ‘মিত্রোঁ’ও বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অচ্ছে দিন আসছে না, শিবির বদলে ছত্তিশগড়ে প্রচারে বলছেন অভিনন্দন পাঠক

বাছেলি (দান্তেওয়াড়া): তাঁকে দেখতে অবিকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো। মোদীর ঢঙেই কথা বলেন, কথা শুরু করেন তাঁর মতোই ‘মিত্রোঁ’ বলে। তিনি অভিনন্দন পাঠক। কিন্তু দুজনের মিল এখানেই শেষ। রাজনীতির ক্ষেত্রে মোদীর একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে অভিনন্দন। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তার এলাকায় কংগ্রেসের হয়ে প্রচারে নামা অভিনন্দন সোজাসুজি বলছেন, অচ্ছে দিন নহি আয়েঙ্গে। গত মাসে কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনন্দন, সিনেমা দুনিয়া থেকে রাজনীতিতে নেমে কংগ্রেসের পরিচিত মুখ হয়ে ওঠা রাজ বব্বরের উপস্থিতিতে। তার আগে পর্যন্ত তিনি ছিলেন বিজেপি-এনডিএ শরিক রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠওয়ালে)-র উত্তরপ্রদেশ শাখার সহ সভাপতি। অভিনন্দন বলেছেন, মোদীজীর মতো দেখতে হওয়ার ফলে লোকে সবসময় আমায় প্রশ্ন করে, ২০১৪-র লোকসভা ভোটের আগে মোদীজী যে সুদিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কী হল। মানুষের অভাব-অভিযোগ, সমস্যা দেখেই বিজেপির শরিক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিই। বস্তার, জগদলপুর, দান্তেওয়ারা, কোন্ডাগাও সহ নানা জায়গায় বিপুল সাড়া পাচ্ছেন তিনি। তাঁকে এক ঝলক দেখতে, সেলফি তুলতে ধাক্কাধাক্কি হচ্ছে। যেখানেই যাচ্ছেন, মোদীর অচ্ছে দিন, বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে ১৫ লক্ষ টাকা করে প্রতিটি ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করে অভিনন্দন বলছেন,‘মিত্রোঁ’, এখানে এলাম এই সত্যি কথাটা জানাতে যে, অচ্ছে দিন আসছে না। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দয়া করে কংগ্রেসকে ভোট দিন যারা উন্নয়ন সুনিশ্চিত করবে। ২০১৪-র পর থেকে তিনি এপর্যন্ত শুধুমাত্র গেরুয়া দল, তাদের সঙ্গীদের হয়েই প্রচার করেছেন, এই প্রথম বিজেপি, মোদীর বিরুদ্ধে প্রচারে নেমেছেন বলে দাবি করেন তিনি। তবে মোদীর মতো দেখতে একজন তাঁর হয়ে প্রচারে নেমেছেন, সে ব্যাপারে কিছুই নাকি জানা নেই ফের কংগ্রেসের প্রার্থী হওয়া বিধায়ক দেবতী কর্মা। সালওয়া জুড়ুম প্রতিষ্ঠাতা প্রয়াত মহেন্দ্র কর্মার স্ত্রী দেবতীর দাবি, তিনি ভোট প্রার্থনা করছেন প্রয়াত স্বামীর নামে। অভিনন্দনকে নিয়ে প্রচারে গিয়ে ভাল সাড়া মিলছে বলে দাবি স্থানীয় কংগ্রেস নেতাদের, তবে বিজেপি প্রার্থী ভীমা মান্ডবীর দাবি, কংগ্রেস মোদীর মতো দেখতে একজনকে প্রচারে লাগিয়েছে, এটা প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাই প্রমাণ করে। মানুষ পরিণত। তারা আসল, নকলের প্রভেদ করতে জানে। মোদী একজনই, আর কেউ হতে পারেন না!
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















