সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি, ভারতের বিরুদ্ধে লড়তে নেমে নিজেরই ক্ষতি করছে পাকিস্তান, বললেন মোদী

ভাতিন্দা: পাকিস্তানকে বিঁধলেন নরেন্দ্র মোদী। ভাতিন্দায় এইমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর জনসভায় তিনি বলেছেন, পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পাকিস্তান নিজেরই ক্ষতি করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, ক্ষমতা, শক্তি থাকা সত্ত্বেও আগে আমাদের সেনা জওয়ানরা নিজেদের শৌর্যের পরিচয় দিতে পারতেন না। কিন্তু নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ২৫০ কিমি ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে আসার পর পাকিস্তান আমাদের বীর জওয়ানদের সাহসের পরিচয় পেয়েছে। সীমান্তের ওপারে সামরিক অভিযানে এমন কাঁপুনি লেগেছে যে এখনও ওরা তার ধাক্কা সামলাতে পারেনি।
ভাষণে পাকিস্তানের জনগণকে বার্তা দিয়ে মোদী বলেন, পেশোয়ারে স্কুলের বাচ্চাদের হত্যার পর ১২৫ কোটি ভারতীয় চোখের জল ফেলেছেন। পাকিস্তানিদের যন্ত্রণা প্রতিটি ভারতবাসী উপলব্ধি করেন। পাকিস্তানের মানুষের উচিত নিজেদের শাসকদের এ কথা বলা যে, কোনও দেশের বিরুদ্ধে নয়, লড়তে হবে দুর্নীতি, কালো টাকার বিরুদ্ধে, ফের এ কথা উল্লেখ করে মোদী বলেন, ভারতের বিরুদ্ধে লড়তে নেমে ওরা (পাকিস্তান) নিজের ক্ষতি তো করছেই, নিরীহ মানুষকেও মারছে। পাকিস্তানের নাগরিকরাও গরিবি থেকে মুক্তি চান। কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্যই উত্তেজনার আবহাওয়া তৈরি করে রাখা হয়েছে।
Before You Go
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ






















